মানবতাবিরোধী অপরাধের মামলার আসামির মৃত্যু
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া কক্সবাজারের মহেশখালীর শামসুদ্দোহা (৯০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক ফরমান আলী প্রথম আলোকে বলেন, চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার দুপুরে মারা যান শামসুদ্দোহা।
হাসপাতাল সূত্র জানায়, শামসুদ্দোহাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২৫ মে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ময়নাতদন্তের জন্য শামসুদ্দোহার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২১ মে কক্সবাজারের মহেশখালী উপজেলার ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ওই দিন ওসমান গনি, জিন্নাত আলী ও নুরুল ইসলাম নামের তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২২ মে আরেক আসামি বাদশা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। ২৪ মে ভোররাতে শামসুদ্দোহাকে গ্রেপ্তার করা হয়। ট্রাইব্যুনাল তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।