মানবতাবিরোধী অপরাধের মামলার আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি নেত্রকোনার আহম্মদ আলী (৭৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে আহম্মদ আলীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা।

হাসপাতাল সূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন আহম্মদ আলী। অসুস্থ অবস্থায় তাঁকে গতকাল রাত পৌনে নয়টার দিকে হাসপাতালে আনা হয়। তিনি হাসপাতাল-২ এর ৭০১ নম্বর ওয়ার্ডে ছিলেন।

আহম্মদ আলীর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে গত আগস্টে নেত্রকোনার পূর্বধলা উপজেলা থেকে আহম্মদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।