মানবতাবিরোধী অপরাধের মামলার পলাতক আসামি গ্রেপ্তার
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার পলাতক আসামি এনায়েত উল্লাহ ওরফে মঞ্জুকে (৭০) গতকাল রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। নেত্রকোনার আটপাড়া উপজেলার কুলশ্রী গ্রামে মঞ্জুরের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি হলেন এনায়েত। এ মামলার অপর আসামিরা হলেন এনায়েতের বড় ভাই হেদায়েত উল্লাহ ওরফে আঞ্জু এবং একই গ্রামের সোহরাব ফকির ওরফে ছোরাপ আলী। ছোরাপ কারাগারে আটক রয়েছেন। আঞ্জু পলাতক।
নেত্রকোনার সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হায়দার জাহান চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধা বিধান কুমার সরকার ওরফে সুজিত বাবু ২০১১ সালের ১৩ জানুয়ারি জেলা জজ আদালতে এই মামলা করেন।
আটপাড়া থানার ওসি ফারুক আহমেদ বলেন, এনায়েতকে গ্রেপ্তার করে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে।