মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক ১
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার পলাতক আসামি এনায়েত উল্লাহ ওরফে মঞ্জুকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত আটটার দিকে আটপাড়া উপজেলার কুলশ্রী গ্রামের মঞ্জুর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধের সময়ে হত্যা, ধর্ষণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা এই মামলার আরও দুই আসামি হলেন মঞ্জুর বড় ভাই হেদায়েত উল্লাহ ওরফে আঞ্জু এবং সোহরাব ফকির ওরফে ছোরাপ আলী। তাঁদের সবার বাড়িই আটপাড়ার কুলশ্রী গ্রামে। এর মধ্যে ছোরাপ আলী কারাগারে আটক রয়েছেন। আর হেদায়েত উল্লাহ পলাতক।
নেত্রকোনার সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হায়দার জাহান চৌধুরী প্রথম আলোকে বলেন, মুক্তিযোদ্ধা বিধান কুমার সরকার ওরফে সুজিত বাবু ২০১১ সালের ১৩ জানুয়ারি নেত্রকোনা জেলা জজ আদালতে এ মামলাটি করেন। আদালত ওই মাসের ১৮ তারিখ মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করেন।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশে মঞ্জুকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাঁকে থানা হেফাজতে রাখা হয়েছে। পরে অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে।