মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক এক আসামি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। ময়মনসিংহের আসামি আবদুস সাত্তার আজ মঙ্গলবার আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চান। শুনানি নিয়ে বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল জামিন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে সাত্তারের জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোজাম্মেল হক ভূঁইয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন।

পরে রেজিয়া সুলতানা চমন প্রথম আলোকে বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর পর গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া পলাতক কোনো আসামির আত্মসমর্পণের ঘটনা এটিই প্রথম। তিনি বলেন, ওই মামলায় আট আসামির বিরুদ্ধে হত্যা, গণহত্যা ও আটকে রেখে নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ রয়েছে। এর মধ্যে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাংসদ এম এ হান্নান, তার ছেলে মো. রফিক সাজ্জাদ, চিকিৎসক খন্দকার গোলাম ছাব্বির আহমাদ, মিজানুর রহমান মিন্টু ও মো. হরমুজ আলী কারাগারে আছেন। সাত্তারের আত্মসমর্পণের পর মো. ফখরুজ্জামান ও খন্দকার গোলাম রব্বানী এখন পলাতক।

আইনজীবী সূত্র বলেছে, ২০১৫ সালের ১৯ মে ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন মামলা করেন। ময়মনসিংহের আদালত এজাহারটি গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন। ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা ওই বছরের ২৮ জুলাই তদন্ত শুরু করে। ওই বছরের ১ অক্টোবর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। সেদিন হান্নান ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগের তদন্ত শেষে গত বছরের ১১ জুলাই প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর গত ১১ ডিসেম্বর ট্রাইব্যুনাল তা আমলে নেন। এ মামলায় ১৮ এপ্রিল অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।