মানবতাবিরোধী বিচার নিয়ে বিএনপির প্রচারণা বিভ্রান্তিমূলক: আইনমন্ত্রী
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে প্রশ্ন তুলে বিএনপি এ বিচারের বিরোধিতা করছে। আর বিরোধী দলকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য এ বিচার হচ্ছে বলে বিএনপির অভিযোগটি বিভ্রান্তিমূলক। মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়ে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বক্তব্যের ব্যাপারে গতকাল শনিবার এ মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ। বেসরকারি টিভি চ্যানেল দেশ টিভিকে দেওয়া সাক্ষাত্কারে শফিক আহমেদ বলেন, বিশেষ ট্রাইব্যুনাল ছাড়া ’৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধের বিচার সম্ভব নয়। সারা বিশ্বেই এ ধরনের অপরাধের বিচারের জন্য বিশেষ আইন ও ট্রাইব্যুনাল গঠনের বিষয়টি স্বীকৃত। খোন্দকার দেলোয়ার গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, যুদ্ধাপরাধের বিচারের সুস্পষ্ট বিধান বাংলাদেশ পেনাল কোডেই আছে। এই বিচার ফৌজদারি কার্যবিধিতেই করা সম্ভব। এ জন্য বিশেষ আদালত কিংবা ট্রাইব্যুনাল কিংবা কোনো তদন্ত কমিটি করার প্রয়োজন নেই। তাঁর বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিব হয় েতা এ আইনটি ভালো মতো পড়ে দেখেননি। তা না হলে একজন আইনজীবীর পক্ষে এ আইনটি নিয়ে এ ধরনের মন্তব্য করার কথা নয়। যদি কেউ মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধ বা আন্তর্জাতিক আইনে অপরাধ করে থাকে, ’৭১-এর সেই অপরাধী যদি বিরোধী দলে ঢুকে থাকে, তার বিচার করলে যদি বলা হয় বিরোধী দলকে ঘায়েল করার জন্য করা হচ্ছে, সেটা ঠিক না।’