মানবতাবিরোধী বিচার নিয়ে শেখ হাসিনার প্রশংসায় আরব লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাইব্যুনাল গঠন করে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন আরব লিগের মহাসচিব নাবিল এল আরাবি।
আরব লিগের মহাসচিব গত মঙ্গলবার কায়রোতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ অভিমত ব্যক্ত করেন বলে গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়।
ফিলিস্তিনি জনগণের অধিকারবিষয়ক জাতিসংঘ কমিটি ও আরব লিগের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এখন কায়রোতে রয়েছেন।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের বিচারে ট্রাইব্যুনাল গঠন এবং এ বিচারের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও দৃঢ়তার প্রশংসা করেন আরব লিগের মহাসচিব। তিনি এ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে প্রতিমন্ত্রীকে জানান। ন্যায়বিচার প্রতিষ্ঠায় আরব লিগ বাংলাদেশকে সমর্থন দেবে বলে উল্লেখ করেন নাবিল এল আরাবি।
আরব লিগের মহাসচিব বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ফিলিস্তিন ও সিরিয়ার বর্তমান সংকট মোকাবিলায় গৃহীত কূটনৈতিক তৎপরতা সম্পর্কে অবহিত করেন। তিনি ফিলিস্তিন বিষয়ে বাংলাদেশের নীতিগত সমর্থনের প্রশংসা করেন।