মানবতাবিরোধী বিচার বন্ধের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান
প্রতিক্রিয়াশীল শক্তি মানবতাবিরোধী বিচার রুখে দেওয়ার ষড়যন্ত্র করছে। তাদের এ ষড়যন্ত্র সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে।জামায়াত-শিবিরের সমর্থনে ধর্মভিত্তিক আটটি ইসলামি দল আহূত হরতালের প্রতিবাদে গতকাল রোববার রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনের সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া এক যুক্ত বিবৃতিতে হরতাল প্রত্যাখ্যান করায় জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, আজকের (রোববার) হরতাল ছিল জামায়াতবান্ধব, মানবতাবিরোধীদের রক্ষায় জাতীয় স্বার্থবিরোধী এ হরতাল। হরতাল প্রতিরোধ করায় নগরবাসীকে অভিনন্দন জানিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এ ছাড়া হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে নগরে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে যুব সংগ্রাম পরিষদ, হরতালবিরোধী শ্রমিক-কর্মচারী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। জাতীয় গণতান্ত্রিক লীগ ও নারী মুক্তি আন্দোলন হরতাল প্রত্যাখ্যান করায় জনগণকে অভিনন্দন জানিয়েছে।