মানবতাবিরোধী মামলার আসামির সঙ্গে তুরিন আফরোজের বৈঠকের অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির সঙ্গে বৈঠক করার অভিযোগ উঠেছে।
তবে, এ বিষয়ে তুরিন আফরোজ বলছেন, প্রসিকিউটর হিসেবে যেকোনো মামলা তদন্তের ক্ষমতা তাঁর রয়েছে। যা কিছু করেছেন, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েই করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘এ বিষয়ে উচ্চপর্যায়ে তদন্ত চলছে। আমি কোনো মন্তব্য করব না। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে সব বলেছি।’
তুরিন আফরোজের এমন বক্তব্য সত্য নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের না জানিয়ে তুরিন আসামির সঙ্গে বৈঠক করেন।’
তুরিন আফরোজের সঙ্গে আসামি ওয়াহিদুল হকের বৈঠক কীভাবে হয়, সে তথ্য জানান জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ২৪ এপ্রিল গ্রেপ্তার হন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক (ডিজি) ওয়াহিদুল হক। এখন তিনি কারাগারে আছেন।
সানাউল হক বলেন, গত বছরের ১৮ নভেম্বর তুরিন আফরোজ আসামি মেজর (অব.) ওয়াহিদুল হককে মোবাইলে ফোন করেন। দেখা করতে চেয়ে তিনি তাঁকে সেদিন বলেন, তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এ ব্যাপারে কথা বলার জন্য তিনি দেখা করতে চান। তিনি যদি দেখা না করেন তাহলে তাঁর বিরুদ্ধে শিগগিরই গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে।
এসব তথ্য তুরিন ও আসামির কথোপকথনের রেকর্ড থেকে জানা যায় বলে জানান সানাউল হক। তিনি বলেন, তুরিন আসামিকে বলেন, তাঁকে গোপনে দেখা করতে হবে। পরে গুলশানের একটি হোটেলে তাঁদের সাক্ষাৎ হয়। সেখানে তুরিনসহ পাঁচজন উপস্থিত ছিলেন। আসামি ওয়াহিদুল হক, তাঁর স্ত্রী, তুরিনের সহকারী ফারাবি, আরও একজন লোক। তাঁদের মধ্যে ২ ঘণ্টা ৪৫ মিনিট আলোচনা হয়। পুরো কথোপকথন রেকর্ড করেন আসামি ওয়াহিদুল। তাঁকে গ্রেপ্তার করার পর তাঁর মুঠোফোনে এমন কথোপকথন থাকার বিষয়টি তাঁদের (তদন্ত সংস্থা) জানান গুলশান থানা-পুলিশ। আর এ কথোপকথনের সিডি তদন্ত সংস্থার কাছে আছে। সিডির কপির প্রধান প্রসিকিউটরকে দেওয়া হয়েছে।

সানাউল হক খান বলছেন, কথোপকথন থেকে আরও জানা যায়, তুরিন তদন্ত সংস্থার গোপন তদন্ত প্রতিবেদনের ফটোকপি আসামিকে দেন। তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক হান্নান জানান, তুরিনের বিরুদ্ধে এ অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুকে।
এ বিষয়ে জানতে চাইলে গোলাম আরিফ টিপু মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি প্রাথমিক স্টেজে আছে। এর বাইরে আর কিছু বলতে চাই না।’
আরেক প্রসিকিউটর জেয়াদ আল মালুম জানিয়েছেন, ৭ মে তদন্ত সংস্থা তুরিনের এ বিষয়টি তাঁদের লিখিতভাবে জানায়। আজ (বুধবার) তদন্ত সংস্থার এ অভিযোগ পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে।
আইনসচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে একটি চিঠি মন্ত্রণালয়ে এসেছে। তবে তিনি দেখেননি। তা আইনমন্ত্রী মহোদয়ের কাছে আছে।’