মানবতাবিরোধীদের বাঁচাতে খালেদা জিয়া আমাদের স্বাধীনতাবিরোধী বলছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ তোফায়েল আহমেদ বলেছেন, ‘খালেদা জিয়া নতুন ষড়যন্ত্রে লিপ্ত। যাদের কারণে স্বাধীনতাযুদ্ধে আমরা মা-বাবাহারা হয়েছি, সেই মানবতাবিরোধীদের বাঁচাতে তিনি আমাদের বলছেন স্বাধীনতাবিরোধী। আওয়ামী লীগ নাকি যুদ্ধ করেনি। আমরা যুদ্ধ করেছি কি না, আপনি কীভাবে বলবেন? আপনি তখন ক্যান্টনমেন্টে ছিলেন। আপনি যুদ্ধের ভয়াবহতা অনুভব করবেন কীভাবে? তাই এখন মানবতাবিরোধীদের বাঁচাতে চাইছেন।’গতকাল শুক্রবার ভোলার কবি মোজাম্মেল হক টাউন হলে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তোফায়েল আহমেদ বলেন, ‘মানবতাবিরোধীদের যারা বাঁচাতে চাইছে, তাদের প্রতিহত করতে ২৯ ডিসেম্বর ঢাকার প্রতিটি ওয়ার্ড থেকে শত শত মিছিল ওসমানী উদ্যানে ভিড় করবে। সেখান থেকেই সারা দেশে একসঙ্গে মিছিল ছড়িয়ে যাবে। রাজপথে নেমে আসবে ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগঠন ও রাজনীতিবিদ।’তোফায়েল আহমেদ বলেন, ‘বিদেশে অর্থ পাচার করে খালেদা জিয়ার ছেলেরা এখন আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আর আমাদের সরকার দেশকে এগিয়ে নিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ভোলাকে শিল্পনগরে পরিণত করব। নদীভাঙন প্রতিরোধ করব। বিদ্যুতে ভোলাসহ দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে এরই মধ্যে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের দরপত্র আহ্বান করা হয়েছে।’শহীদ উল্লাহ মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন নবনির্বাচিত জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন, পৌরসভার মেয়র মনিরুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।