দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, যত অপকৌশলই করা হোক না কেন একাত্তরের যুদ্ধাপরাধী তথা মানবতাবিরোধীদের বিচার-প্রক্রিয়া কোনোভাবেই বানচাল করতে পারবে না বিএনপি-জামায়াত চক্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে এবং বিচার শেষ করে রায়ও কার্যকর করবে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রাজাবাসর গ্রামে বিদেশি মিশনারি পরিচালিত ১৫০ শয্যার ল্যাম্ব হাসপাতাল পরিদর্শনে এসে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হাসপাতালের প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের কর্মসূচি ব্যবস্থাপক (স্বাস্থ্য) মাহাতাব লিটন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ল্যাম্ব হাসপাতালের নির্বাহী পরিচালক স্বপন পাহান, পরিচালক (অর্থ ও প্রশাসন) মিসেস জোয়ান, পরিচালক (চিকিৎসা) নেলসন, জনসংযোগ কর্মকর্তা এনোস সরেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহেনুল ইসলাম প্রমুখ।এর আগে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।