মানবতাবিরোধীদের ভোটার রাখতে চায় জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী হিসেবে সাব্যস্ত দলীয় নেতাদের ভোটাধিকার রক্ষার জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে জামায়াতে ইসলামী। সে জন্য দলটি নির্বাচন কমিশন ভোটার তালিকা আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, তাতে আপত্তি জানিয়েছে। গতকাল রোববার দুপুরের এ প্রস্তাব প্রত্যাহার করার জন্য জামায়াতের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে লিখিত আপত্তি জমা দিয়েছে। কমিশন ভোটার তালিকা আইনের ৯ ধারা সংশোধনের প্রস্তাবে বলেছে, কোনো ব্যক্তি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের (দালাল আইন) অধীন এবং যুদ্ধাপরাধী বা মানবতাবিরোধী অপরাধী হিসেবে কোনো জাতীয় বা আন্তর্জাতিক আদালত বা ট্রাইব্যুনালের অধীন দোষী সাব্যস্ত হলে তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য হবেন না। ১৩ ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত কোনো ব্যক্তি এই দুটি আইনে সাজাপ্রাপ্ত হলে তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হবেন। জামায়াতের আইনবিষয়ক সম্পাদক জসীম উদ্দিন সরকার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সরকারের পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে কমিশন তড়িঘড়ি করে ভোটার তালিকা আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের প্রস্তাব করেছে। এর মাধ্যমে কমিশন আগামী নির্বাচনকে অনিশ্চিত করে তুলছে।জামায়াতের নেতা আবদুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল কমিশনের কাছে চিঠি হস্তান্তর করে। এতে বলা হয়েছে, বয়স ১৮ বা তার বেশি হলে প্রত্যেক নাগরিকের ভোটার হওয়ার অধিকার সংবিধানে দেওয়া আছে। নির্বাচন কমিশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের সূত্র ধরে জামায়াতের দণ্ডাদেশপ্রাপ্ত নেতাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আইন সংশোধনের সুপারিশ করেছে। প্রস্তাবিত এ আইন সংবিধান ও মানবাধিকার পরিপন্থী। চিঠিতে জামায়াত আরও দাবি করেছে, সরকার জামায়াতের অগ্রযাত্রায় ভীত হয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিচারের নামে প্রহসন করছে। এসব রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা আপিল নিষ্পত্তি হওয়ার আগে আইন সংশোধনের প্রস্তাব উদ্দেশ্যমূলক। আবদুল্লাহ মো. তাহের সাংবাদিকদের বলেন, কমিশন ‘বিশেষ কোয়ার্টারের পরামর্শে’ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে।বিকেলে দপ্তর ছেড়ে যাওয়ার সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ এ বিষয়ে সাংবাদিকদের বলেন, আইনের আলোকেই নির্বাচন কমিশন সব ব্যবস্থা নিচ্ছে। জামায়াত যে সুপারিশ করেছে, সে বিষয়ে তাদের আরও আইনি ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তিনি বলেন, ‘তাদের বলেছি, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন করাই আমাদের লক্ষ্য। কাউকে বাদ দেওয়া এবং কোনো দল বা ব্যক্তিকে টার্গেট করে আমরা কিছু করছি না।’ তিনি আরও বলেন, দালাল আইনে অভিযুক্ত ব্যক্তিরা ভোটার হতে পারবেন না—এটা সংবিধানে উল্লেখ আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত ব্যক্তিদের বিষয়টি এখন আরপিও এবং ভোটার তালিকা আইনে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।