আইনমন্ত্রীর সংবাদ ব্রিফিং: শপথ ‘ভঙ্গকারী’ দুই মন্ত্রীর পদত্যাগের প্রয়োজন নেই
মানবতাবিরোধীদের সম্পত্তি নিয়ে নতুন আইন আসছে
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জনগণের চাওয়া অনুযায়ী একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সম্পত্তির বিষয়ে ব্যবস্থা নিতে নতুন আইন করার চিন্তাভাবনা চলছে। তাড়াতাড়িই এটা করা হবে।
গতকাল বুধবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন। মানবতাবিরোধী অপরাধীদের সম্পত্তির বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, মন্ত্রী তা স্পষ্ট করেননি। এ বিষয়ে তিনি বলেন, জনগণ কী দাবি করছে, তা তিনি ভালো করেই জানেন।
উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার শুরুর পর তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা কিংবা ভুক্তভোগী শহীদ পরিবারের মধ্যে বণ্টন করে দেওয়ার দাবি উঠেছে।
আইনমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়ায় সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে। যাদের ফাঁসি হয়ে গেছে, তারা মৃত। মুসলিম আইন অনুযায়ী তাদের সম্পত্তি ওয়ারিশদের হাতে গেছে। তাই এ বিষয়ে নতুন আইন করাই শ্রেয়।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে সংগঠনের বিচারের লক্ষ্যে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের অপেক্ষায় আছে জানিয়ে আনিসুল হক বলেন, জামায়াতের বিচারের জন্য উপযুক্ত আইন করা হচ্ছে। ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করার বিষয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা চলছে বলে জানান আইনমন্ত্রী।
দুই মন্ত্রীর পদত্যাগের প্রয়োজন নেই: আপিল বিভাগের রায় অনুযায়ী খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের শপথ ভঙ্গের বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, তিনি মনে করেন, তাঁদের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার প্রয়োজন নেই। এ দেশে গণতন্ত্রের বয়স খুব কম। এখানে শপথ ভঙ্গের জন্য কোনো দণ্ড নেই। এমন আইন, বিধান বা প্রথাও নেই।
বিচার বিভাগের সচিবালয় নিয়ে এক বিচারপতির বক্তব্যের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ের কর্মপরিধির মধ্যে বিচার বিভাগের সচিবালয় করার ক্ষমতা নেই। এটা প্রক্রিয়ার মধ্যে হতে হবে। মন্ত্রিপরিষদের অনুমোদনে সংসদে পাস করে হয়তো করতে হতে পারে। সে ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের কিছু করার নেই।