আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত ব্যক্তিরা ভোটার তালিকায় নিবন্ধিত হতে পারবেন না। অর্থাৎ তাঁরা ভোটাধিকার হারাবেন। এমন বিধান রেখে ভোটার তালিকা (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিসভা ১৮ বছরের নিচে যেকোনো বয়সের বাংলাদেশি নাগরিককে জাতীয় পরিচয়পত্র দেওয়ার বিধান রেখে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন (সংশোধন) আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে। একইভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) অধ্যাদেশও চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
ডিএনএ-সংক্রান্ত মিথ্যা তথ্যের জন্য সাজার প্রস্তাব করে ‘ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (ডিএনএ)’ আইনের খসড়ায়ও নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। বিনা নিবন্ধনে ট্রাভেল ব্যবসা করলে ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে নীতিগত অনুমোদন করা হয়েছে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইনের খসড়া। অনুমোদন করা হয়েছে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের খসড়াও।
মানবতাবিরোধীরা ভোটার থাকবেন না: ভোটার তালিকা (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩-এর খসড়া অনুযায়ী, দালাল আইন ১৯৭২ বা আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন ১৯৭৩-এর আওতায় কোনো ব্যক্তি দণ্ডিত হলে তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। এমন দণ্ডিত ব্যক্তির নাম ভোটার তালিকায়ও অন্তর্ভুক্ত হবে না।
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ চলছে। এ পর্যন্ত ছয়জন অপরাধী হিসেবে দণ্ড পেয়েছেন। তাঁরা হলেন গোলাম আযম, দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মো. কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা ও আবুল কালাম আজাদ।
জাতীয় পরিচয়পত্র: ১৮ বছরের নিচের বাংলাদেশি নাগরিককে জাতীয় পরিচয়পত্র দেওয়ার বিধান রেখে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন (সংশোধন) আইন ২০১৩-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এখন ১৮ বছরের পর জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। তবে খসড়ায় ১৮ বছরের কম বয়সীদের পরিচয়পত্র দেওয়ার কথা বলা হয়েছে। জাতীয় পরিচয়পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ার ছয় মাস আগে নবায়নের জন্য আবেদন করতে হতো। খসড়ায় যেকোনো সময় আবেদনের বিধান রাখা হয়েছে।
জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের সময় কোনো তথ্য গোপন করলে পাঁচ বছরের সাজা ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। আইনের খসড়াটি নাগরিকবান্ধব করা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) অধ্যাদেশে চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গত আগস্টে এই অধ্যাদেশ নীতিগত অনুমোদন পেয়েছিল। ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে সর্বোচ্চ ১০ বছর সাজার বিধান ছিল। এবার এটাকে বাড়িয়ে ১৪ বছর করা হয়েছে। চারটি অপরাধকে জামিন অযোগ্য করা হয়েছে। আগের সব অপরাধ জামিনযোগ্য ছিল।
ডিএনএ-সংক্রান্ত মিথ্যা তথ্যের জন্য সাজার বিধান: বৈঠকে ‘ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (ডিএনএ) আইন ২০১৩’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ আইন অমান্য করলে সর্বোচ্চ সাত বছরের জেল ও জরিমানার বিধান রাখা হয়েছে। এ আইনটি মন্ত্রিসভায় উত্থাপন করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রিপরিষদ সচিব জানান, যদি কোনো ল্যাবরেটরি বা সংস্থা অননুমোদিতভাবে ডিএনএ কার্যক্রম পরিচালনা করে, তাহলে ওই কার্যক্রমে জড়িত প্রত্যেক ব্যক্তির সাত বছর পর্যন্ত কারাদণ্ড বা দুই লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। তিনি বলেন, মলিক্যুলার বায়োলজি, হিউম্যান জেনেটিক্স, বায়োকেমিস্ট্রি, সামাজিক বিজ্ঞান, আইন, ফৌজদারি বিচার ও প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞ, দক্ষ, সৎ ও সুনামের অধিকারী ব্যক্তি এবং সরকারের মনোনীত দুজন সদস্য নিয়ে ডিএনএ উপদেষ্টা পরিষদ গঠন করার বিধান করা হয়েছে। পরিষদের চেয়ারম্যান হবেন সরকারের নিযুক্ত সচিব পর্যায়ের ব্যক্তি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ডিএনএ পরীক্ষার মাধ্যমে অপরাধী, স্বজন শনাক্ত, বিচ্ছিন্ন মৃতদেহ শনাক্ত করার কাজ করা হবে। ডিএনএ আইন কার্যকর হলে ডিএনএ বিশ্লেষণের ফলাফল যেকোনো আদালতের কার্যধারায় প্রমাণ হিসেবে বিবেচিত হবে।
আইনের খসড়া অনুযায়ী, সরকারের অনুমতি সাপেক্ষে জাতীয় ডিএনএ ডেটাবেইস প্রস্তুত করা হবে। ডেটাবেইস প্রস্তুত ও সংরক্ষণকারী কর্তৃপক্ষ আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থা বা অন্য কোনো দেশের আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারবে। এ-সংক্রান্ত তথ্য আদান-প্রদান করতে পারবে।
বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন ২০১৩: বিনা নিবন্ধনে ট্রাভেল ব্যবসায় ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে এই আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
অন্যান্য: এ ছাড়া মন্ত্রিসভা ৯ জুনকে অ্যাক্রিডিটেশন দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব অনুমোদন করেছে। পল্লী বিদ্যুৎ বোর্ড আইনের খসড়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইনের খসড়া, বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইনের খসড়া, স্নায়বিক প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষায় জাতীয় ট্রাস্ট আইনের খসড়াও অনুমোদন করেছে মন্ত্রিসভা।