মানবতাবোধের বিকাশ তরুণদের জঙ্গিবাদ থেকে মুক্ত রাখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গুলশান-শোলাকিয়া ট্র্যাজেডি নিয়ে কী ভাবছেন তরুণেরা’ শীর্ষক গোলটেবিলে উপস্থিত আলোচকেরা। প্রথম আলোর আয়োজনে আজ বৃহস্পতিবার প্রথম আলো কার্যালয়ে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: মনিরুল আলম
‘গুলশান-শোলাকিয়া ট্র্যাজেডি নিয়ে কী ভাবছেন তরুণেরা’ শীর্ষক গোলটেবিলে উপস্থিত আলোচকেরা। প্রথম আলোর আয়োজনে আজ বৃহস্পতিবার প্রথম আলো কার্যালয়ে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: মনিরুল আলম

পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নৈতিকতা শিক্ষা, মানবতাবোধকে উৎসাহিত করা এবং রাজনৈতিক নেতৃত্বের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তরুণদের জঙ্গিবাদের ভয়াবহতা থেকে মুক্ত রাখা সম্ভব। বই পড়ার অভ্যাস গড়ে তোলাসহ মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম জাগ্রত করে তুললে কোনো অপশক্তি তরুণদের বিপথে চালিত করতে পারবে না।

আজ বৃহস্পতিবার প্রথম আলোর আয়োজনে ‘গুলশান-শোলাকিয়া ট্র্যাজেডি: কী ভাবছেন তরুণেরা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে তরুণেরা এ মত প্রকাশ করেন। প্রথম আলোর কারওয়ান বাজার কার্যালয়ে বেলা তিনটায় আয়োজিত ওই বৈঠকে অংশ নেন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার তরুণ শিক্ষার্থীরা।

এই শিক্ষার্থীদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত জাতীয় সংগীত পরিবেশন তরুণদের মনে দেশপ্রেম জাগ্রত করবে। মানবিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য তরুণদের বই ও সংবাদপত্র পড়ার ক্ষেত্রে আগ্রহী করে তুলতে হবে। শিক্ষাব্যবস্থার মধ্যে বৈষম্য নির্মূল করে তা নিয়ে আসতে হবে একটি কাঠামোর মধ্যে। আর মা-বাবাকেও যত্নবান হতে হবে সন্তানদের প্রতি।
গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আবদুল কাইয়ুম।

অনুষ্ঠানের শুরুতে আবদুল কাইয়ুম বলেন, ‘তরুণদের মনের জগৎ সাদা পাতার মতো। সেখানে এমন কিছু নেই যা তাকে নৃশংস ও অমানবিক করতে পারে। এরপরও কেন তাঁরা সন্ত্রাসের দিকে চলে যাচ্ছেন? একসময় ভাবা হতো, যাঁরা মাদ্রাসায় পড়েন, তাঁদের কারও কারও মধ্যে ধর্মীয় উগ্রবাদী চিন্তাভাবনা আসছে। এখন দেখা যাচ্ছে, অন্যান্য প্রতিষ্ঠান থেকেও একই ভাবনাচিন্তার বিস্তার ঘটছে। সর্বাধুনিক বিজ্ঞান-প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত তরুণেরাও ধর্মের নামে অন্যকে হত্যা করছেন, নিজেকেও হত্যা করছেন। কিন্তু এই যুক্তিহীন কাজ তাঁরা কেন করে যাচ্ছেন? গুলশান-শোলাকিয়া হত্যা আমাদের হতভম্ব করে দিয়েছে। বাংলাদেশের তরুণেরা কীভাবে এই হত্যাযজ্ঞ চালিয়েছেন? তরুণদের এই ভাবনা ও মনোজগৎ নিয়ে জানতেই আজকের এই আয়োজন।’

আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী কাশফিয়া নেহরীন বলেন, তরুণদের মনোজগতে মুক্তিযুদ্ধ, ইতিহাস, সংবিধান, সংস্কৃতি, গণতন্ত্র নিয়ে ভাবনা থাকলে তাঁদের ‘ব্রেন ওয়াশ’ করা কোনোভাবেই সম্ভব নয়। এসব বিষয়ে ওই তরুণদের কোনো জ্ঞান বা জিজ্ঞাসা নেই বলেই তাঁদের ‘ব্রেন ওয়াশ’ করা সম্ভব হয় এবং তাঁরা সহজে প্রভাবিত হয়ে বিপথে চলে যান।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৈয়দ মুহিত হাসান বলেন, ‘সম্প্রতি জঙ্গিবাদের ঘটনাগুলোতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রের সম্পৃক্ততা থাকায় এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে আমাদের প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। উচ্চবিত্ত শ্রেণি ও উগ্র ধারণা থেকে একটি ভিন্নমাত্রা শুরু হলো, যা অবাক করার মতো। সাম্প্রতিক প্রবণতা হলো—উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণির মধ্যেই এ সমস্যা তৈরি হয়েছে। এভাবে আমরা বিশেষ শ্রেণির মধ্যে বিষয়টি সীমাবদ্ধ রেখে অন্য একটি গোষ্ঠীকে এড়িয়ে যাচ্ছি।’

সৈয়দ মুহিত হাসান বলেন, জঙ্গিবাদের অর্থায়ন নিয়ে এ ধরনের সমস্যা তৈরি হতে পারে, এমন একটি ভবিষ্যদ্বাণী বেশ কয়েক বছর আগেও করা হয়েছিল। কিন্তু তাতে কোনো নজর দেওয়া হয়নি। বিচারহীনতা ও রাজনীতিবিদদের উদাসীনতাও এ ক্ষেত্রে দায়ী। কয়েক যুগেও শিক্ষাঙ্গনে একটি হত্যাকাণ্ডেরও বিচার হয়নি। উচ্চবিত্তরা অন্যায় করলেও বিচারের বাইরে থেকেছে। তিনি বলেন, ‘নর্থ সাউথ দেশের বাইরের কিছু নয়, এটি দেশেরই অংশ। আমরা আমাদের প্রতিষ্ঠানে জঙ্গিবাদে উৎসাহ দেওয়ার মতো কার্যক্রমের সরাসরি কোনো প্রমাণের সম্মুখীন হইনি।’

জামিয়া মুহাম্মাদিয়া মাদ্রাসার ইসলামি আইনশাস্ত্রের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, ‘বিশ্বের বিবেক এখন একটি জায়গায় আটকে আছে। বিশ্বের যে প্রান্তেই জঙ্গিবাদের ঘটনা ঘটে, অভিযোগের তির ছুটে আসে ইসলামের দিকে। যারা ইসলামকে সুন্দরভাবে বোঝেন, পড়েন, লালন করেন—তেমন আলেম ব্যক্তিদের দিকেও দৃষ্টি যায় সবার। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে আজ কথা শুনতে হচ্ছে। আর আমাদের মতো যারা মাদ্রাসার শিক্ষার্থী, তাদের এমন তির্যক পরিস্থিতির মধ্য দিয়ে বহু বছর ধরে যেতে হচ্ছে।’ তিনি বলেন, বাইরের কোনো শক্তি এসব জঙ্গিবাদ উত্থানে সহায়তা করছে।

পরিবারের ভূমিকার ওপর জোর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তাসমিহ্ তাবাসসুম বলেন, ছেলেমেয়েদের মানসিক বিকাশে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন অধিকাংশই একক পরিবার। মা-বাবা দুজনই থাকেন কর্মজীবী। কোনো তরুণ যদি পরিবার থেকে সঠিক শিক্ষা না পান, তখন তিনি খুব সহজেই বাইরের কোনো ব্যক্তির মতকেই গ্রহণ করবেন। এ ক্ষেত্রে গুলশান হামলায় নিহত জিম্মি ফারাজ আইয়াজ হোসেনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পত্রিকায় ফারাজের মায়ের সাক্ষাৎকারে পড়েছিলাম, তিনি ছেলেকে শিক্ষা দিয়েছেন প্রত্যেকে নারীকে সম্মান করতে। ফারাজ তা-ই শিখেছেন। সে কারণেই তিনি সেদিন শুধু নিজেকে বাঁচাতে বেরিয়ে আসেননি।’

ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ থেকে সদ্য স্নাতকোত্তর শেষ করে ব্যবসা করছেন সানজানা জামান। এই তরুণীর মতে, পরিবার থেকে বিচ্ছিন্নতাসহ বিভিন্ন কারণে তরুণদের মধ্যে হতাশা কাজ করে। আর এই হতাশাকে সুচতুরভাবে কাজে লাগিয়ে একটি গোষ্ঠী তাঁদের জঙ্গিবাদে উৎসাহিত করছে।
ইডেন মহিলা কলেজে মনোবিজ্ঞান বিভাগে মাস্টার্স করছেন সাদিয়া আহমেদ। তাঁর মতে, মা-বাবা সন্তানকে সময় দেন না, শুধু এ কারণে তরুণেরা পরিবার থেকে বিচ্ছিন্ন হন না। উল্টোভাবে তাঁদের ব্যক্তিগত বিষয় মা-বাবা বুঝতে পারেন না, এমন অজুহাতেও অনেক তরুণ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান।

কুমিল্লার আলিয়া মাদ্রাসার আল-কোরআন বিষয়ে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ যোবায়ের বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সব আন্দোলনে তরুণদের গৌরবোজ্জ্বল উপস্থিতি ছিল। অথচ এখন কিছু তরুণের মধ্যে জান্নাতে পৌঁছানোর একটি চিত্র তুলে ধরে বিভ্রান্ত করা হচ্ছে। ‘এই হত্যাকাণ্ডটি করলে তুমি পাঁচ মিনিটে জান্নাতে পৌঁছে যাবে’—তাঁদের মাথায় এমন চিন্তাভাবনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মাদ্রাসার শিক্ষার্থী হওয়ার কারণে তিনি এখন শপিং মলসহ বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি রকমের নিরাপত্তা তল্লাশির শিকার হন বলে জানান।
অপর মাদ্রাসার শিক্ষার্থী ওমর শাহ বলেন, দেশে এখন তিন ধরনের শিক্ষাব্যবস্থা চালু আছে। এর মধ্যে মাদ্রাসাশিক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয় নেই। মাদ্রাসাশিক্ষায় বিশ্বকে বিশাল করে দেখার মানসিকতা তৈরি হচ্ছে না। এ ছাড়া তিন ধরনের শিক্ষার কোনোটিই পূর্ণাঙ্গ নয়। এর গোলকধাঁধায় পড়েই তরুণেরা খুব সহজে বিভ্রান্ত হচ্ছে।

সরকারি মাদ্রাসা-ই-আলিয়াহর ফাজিলের শিক্ষার্থী আবদুস সালামের মতে, সঠিক ধর্মীয় শিক্ষার অভাবেই তরুণেরা মানুষ হত্যার মতো জঘন্য কাজ করছেন। মহান আল্লাহ অন্যায়ভাবে নিরপরাধ মানুষ হত্যাকে হারাম ঘোষণা করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাসের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নূবিয়া নূরাইন খানের মতে, এখন পরিস্থিতি যে অবস্থায় আছে, তাতে শুধু ধর্মীয় শিক্ষা দিয়ে বিপথগামী তরুণদের ফেরানো সম্ভব নয়। জঙ্গিবাদ একধরনের ভণ্ডামি। তারা নিজেদের মতো করে সবকিছু ব্যাখ্যা করে। তাই কারা নিরপরাধ, সেটা তারা তাদের মতো করে ভেবে নেবে। এখন দূরদর্শী চিন্তাভাবনা করতে হবে। কারণ, জঙ্গিবাদ প্রতিষ্ঠা পেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নারীরা।

ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নূরুন্নবী সোহেল বলেন, যে যার অবস্থান থেকে দায়িত্বশীল হলে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব।
জঙ্গিবাদে আন্তর্জাতিক গোষ্ঠীকে দায়ী করে ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, ‘জঙ্গিবাদকে একটি আন্তর্জাতিক গোষ্ঠী লালনপালন করছে। তারা তরুণদের বিভ্রান্ত করছে। আর আমরা সাধারণ শিক্ষার্থীরা ভুক্তভোগী হচ্ছি। যারা ঢাকার বাইরে থেকে এসেছি, তারা ব্যাচেলর বলে এখন বাড়িভাড়াও পাচ্ছি না।’
সব ধর্মকে শ্রদ্ধা করার ওপর জোর দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী তজল্লীশিফা বর্ণ বলেন, ধর্মনিরপেক্ষতাকে শ্রদ্ধা করতে না পারলে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করা কঠিন। ধর্মীয় পরিচয়ে কেউ নিজেকে নিরাপদ ভেবে যদি আশ্বস্ত থাকেন এবং অন্যদের কথা না ভাবেন, তাহলে তা সত্যিই ভয়াবহ পরিণতি সৃষ্টি করবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে সদ্য স্নাতকোত্তর পাস করা অনিন্দ্য সাইমুমের মতে, তরুণদের হতাশার জায়গাটি যেন কোনো গোষ্ঠী নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সেদিকে নজর দিতে থাকবে। একজন তাঁর বন্ধুর মধ্যে কোনো পরিবর্তন দেখতে পেলে আলোচনার মাধ্যমে বন্ধুকে হতাশা থেকে মুক্ত করে জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করতে পারেন।
বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফারাবী মাহমুদ বলেন, ‘আমাদের অনেক বন্ধু আছেন, যাঁরা একসময় কনসার্টে গান শুনতে যেতেন। এখন গণতন্ত্রের সমালোচনা করেন। অনলাইনে গ্রুপ আলোচনায় তাঁরা ধর্মকেও টেনে আনছেন গণতন্ত্রের বিরুদ্ধে। একসময় এ আলোচনায় রাজনীতিও ঢুকে পড়বে। এ ধরনের চেতনার তরুণেরা রাষ্ট্রব্যবস্থা থেকে গণতন্ত্র হটিয়ে ধর্মকে প্রতিষ্ঠিত করার পথ খোঁজেন।’
ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী কামরুন্নাহার মৌসুমী বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। ধর্মকে লালন না করে জঙ্গিদের ভয়ে নিজেকে ধর্মীয় পোশাকে সজ্জিত করা ভয়ংকর প্রবণতা।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের শিক্ষার্থী মীর রিফাত উস সালেহীনের মতে, পরিবার ও সমাজ তরুণদের জন্য ভালো চাকরি পাওয়াকে উৎসাহিত করে। যদি তারা তরুণদের মানবিকতা বিকাশে পড়াশোনা করতে এবং সংস্কৃতিচর্চায় যুক্ত হতে উৎসাহিত করতেন, তাহলে তরুণদের মধ্যে ইতিবাচক মানসিকতা গড়ে উঠত।
সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থী সৈয়দ মুনিরের মতে, তরুণেরা কারও না কারও হাত ধরে জঙ্গিবাদে জড়িয়ে যাচ্ছেন। অনেক ক্ষেত্রে সেসব তরুণের শিক্ষকেরা এর জন্য দায়ী।