মানবতার কল্যাণে দৌড়

মানবতার কল্যাণে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে গতকাল শুক্রবার সকালে এক মিনি দৌড়ের (ম্যারাথন) আয়োজন করা হয়। দৌড় শেষে তহবিল সংগ্রহ থেকে ১০ লাখ টাকা পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন প্রতিষ্ঠানে (সিআরপি) দেওয়া হয়।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘ব্র্যাক ব্যাংক দৌড় ২০১৭: কল্যাণের পথচলা’ শিরোনামে এই দৌড়ের আয়োজন করা হয়। ২০১১ সাল থেকে প্রতিবছর ব্র্যাকের কর্মীরা এই দৌড়ের আয়োজন করে আসছেন।
সকাল সাতটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে থেকে শুরু হয় এই দৌড়। ব্র্যাকসহ বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তারাসহ প্রায় চার হাজার নারী-পুরুষ এই দৌড়ে অংশ নেন। খামারবাড়ি, আগারগাঁও, আইডিবি ভবনের পূর্বের মোড় হয়ে পাঁচ কিলোমিটারব্যাপী এই দৌড় আবার মানিক মিয়া অ্যাভিনিউতে এসে শেষ হয়।
দৌড় শেষ করা প্রথম ২০ জন করে নারী ও পুরুষকে ক্রেস্ট এবং প্রথম ২০০ জনকে মেডেল দেওয়া হয়। নারী ক্যাটাগরিতে প্রথম হওয়া ব্র্যাক ব্যাংকের কর্মী জান্নাত আরা বলেন, ‘কখনো ভাবিনি প্রথম হব। দৌড়াতে দৌড়াতে কিছুক্ষণ পর দেখি আমার আগে কেউ নেই।’ দৌড়ে পুরুষ ক্যাটাগরিতে প্রথম হয়েছেন বদরুদ্দীন ওমর। তিনি প্রথম আলোকে বলেন, ‘দৌড় ব্যাপারটা আমার শখের পর্যায়ে চলে গেছে। প্রতিদিনই নূ্যনতম পাঁচ কিলো দৌড়ানো হয়।’
দৌড় উপলক্ষে ব্র্যাক ব্যাংকের কর্মীরা ১৩ লাখ টাকার তহবিল সংগ্রহ করেন। এর সঙ্গে ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ দিয়ে তহবিল ২৬ লাখ টাকা করা হয়। অনুষ্ঠানে তহবিল থেকে ১০ লাখ টাকা পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন প্রতিষ্ঠানের (সিআরপি) প্রতিনিধিকে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, ‘এই দৌড়ে সবাই যেমন ভালো করেছেন, জীবনের দৌড়েও সবাই ভালো করুন।’ ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী সেলিম আর এফ হোসেন বলেন, আয়োজনটি শুধু সামাজিক দায়বদ্ধতা নয়, স্বাস্থ্যসচেতনতারও অংশ।