মানবতার কল্যাণের জন্য সম্মানিত জয়নাল আবেদীন
দারিদ্র্যকে সঙ্গী করেই মানবতার কল্যাণে কাজ করার জন্য ময়মনসিংহের আলোচিত রিকশাচালক মো. জয়নাল আবেদীনকে পুরস্কৃত করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন (বেইস)।প্রতিষ্ঠানের এ বছর আজিজুর রহমান পাটোয়ারী পদক পেয়েছেন মমতাজ হাসপাতাল ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদীন। গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের ৩৩তম বার্ষিক সাধারণ সভায় তাঁকে সম্মান জানানো হয়।গত ২ জুলাই প্রথম আলোর শেষ পাতায় ‘রিকশা চালিয়ে হাসপাতাল’ শিরোনামে শনিবারের বিশেষ প্রতিবেদন ছাপা হয়। একজন রিকশাচালকের নিষ্ঠা ও একাগ্রতা এবং মানুষের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার গল্প পড়ে অনেকে অভিভূত হন।জয়নাল আবেদীনের হাতে আজিজুর রহমান পাটোয়ারী পদক তুলে দেন বেইসের পরিচালনা পরিষদের সভাপতি ফজলে করিম পাটওয়ারী। পুরস্কারের অর্থমূল্য বাবদ ১০ হাজার টাকা, সঙ্গে একটি সনদ ও ক্রেস্ট।বেইসের প্রতিষ্ঠাতা এম এ সাত্তারের বাবা প্রয়াত আজিজুর রহমান পাটোয়ারীর নামে প্রতিবছর এই পদক দেওয়া হয়।