মানবতার জন্য দৌড়ালেন ব্র্যাক ব্যাংকের কর্মীরা
কনকনে শীতের সকালে প্রায় ছয় কিলোমিটার ম্যারাথন দৌড়ালেন ব্র্যাক ব্যাংক ও এর অঙ্গপ্রতিষ্ঠানের প্রায় চার হাজার কর্মী। ব্যতিক্রমধর্মী এই উদ্যোগের লক্ষ্য ছিল আর্তমানবতার সহায়তার জন্য তহবিল সংগ্রহ করা। গতকাল শুক্রবার ‘কল্যাণের পথচলা-২০১৩’ শীর্ষক এ দৌড় প্রতিযোগিতায় অংশ নেন ব্র্যাক ব্যাংক ও এর অঙ্গপ্রতিষ্ঠান বিকাশ, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ ও ব্র্যাক সাজন-এর কর্মীরা। মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ছিল দৌড় প্রতিযোগিতা শুরুর স্থান। সকাল সাতটার দিকে এর উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক আকরাম খান এবং শ্যুটার শারমীন আক্তার। প্রতিযোগীরা রোকেয়া সরণি, শিশুমেলা ও আসাদগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে ফিরে দৌড় শেষ করেন।ব্র্যাক ব্যাংক সূত্র জানায়, এই ম্যারাথন উপলক্ষে তাঁদের কর্মীরা নিজেরা চাঁদা দিয়ে সাড়ে ১২ লাখ টাকা তহবিল সংগ্রহ করেছেন। এর সঙ্গে ব্র্যাক ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম (সিএসআর) তহবিল থেকে সমপরিমাণ টাকা দিয়ে ২৫ লাখ টাকার তহবিল গঠন করা হয়। এ অর্থ দিয়ে দেশের তিনটি জেলার দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও প্রতিবন্ধী শিশুদের স্কুল পরিচালনাকারী প্রতিষ্ঠানকে সহায়তা করা হয়েছে।প্রতিযোগিতা শেষে এর উদ্দেশ্য তুলে ধরে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘ব্যাংকের মানবতার কল্যাণের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সহকর্মীরা এই ম্যারাথনের আয়োজন করেছেন। মানবকল্যাণে এই মহৎ উদ্যোগের মাধ্যমে আমরা নতুন বছর শুরু করছি।জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, ‘ব্র্যাকের মতো প্রতিটি করপোরেট হাউজেরই উচিত মানবতার কল্যাণে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।’ কর্মীদের গঠন করা তহবিল থেকে ১০ লাখ টাকা কল্যাণধর্মী প্রতিষ্ঠান ব্যাকআপ টাইডকে অনুদান হিসেবে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক রাইনা মাকসুদের হাতে চেক হস্তান্তর করেন সৈয়দ মাহবুবুর রহমান। ব্যাকআপ টাইড প্রতিবন্ধী শিশুদের লেখাপড়া ও কারিগরি প্রশিক্ষণের জন্য স্কুল পরিচালনা করে।ব্র্যাক ব্যাংক সূত্র আরও জানায়, এই তহবিলের অর্থ দিয়ে শীত শুরুর আগেই গত নভেম্বরে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের তিনটি জেলায় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে তিন হাজার ৩০০ কম্বল এবং ১৩ হাজার ৫০০টি গরম কাপড় বিতরণ করা হয়।