মানবতার জন্য সংগ্রামে বই হবে অন্যতম সঙ্গী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের সমস্ত মহৎ মূল্যবোধ ধ্বংস হয়ে যাচ্ছে। মানবতার ধারাকে যতটা সম্ভব বহমান রাখার চেষ্টা করতে হবে। আর এ সংগ্রামে বইকে রাখতে হবে অন্যতম সঙ্গী।গতকাল শুক্রবার জাতীয় গণগ্রন্থাগারে আয়োজিত বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক পাঠচক্র কার্যক্রমের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতার মূল সুর ছিল এটি। আয়োজকেরা জানান, দেশভিত্তিক পাঠচক্রের কার্যক্রমের আওতায় প্রথম পর্বে সারা দেশ থেকে ৮২৪ জন প্রতিযোগী অংশ নেন। প্রথম পর্বে দেশ-বিদেশের শ্রেষ্ঠ ৭০টি নির্বাচিত বই পড়ার মধ্য দিয়ে ১১৮ জন পাঠক দ্বিতীয় পর্বের জন্য নির্বাচিত হয়েছিলেন। এ ১১৮ জন পাঠকের মধ্যে ১৯ জনকে শ্রেষ্ঠ পাঠক পুরস্কার দেওয়া হয়। তাঁরা পেয়েছেন তিন হাজার টাকার বই। অন্যদিকে ২১ জনকে দেওয়া হয়েছে সেরা পাঠক পুরস্কার। তাঁরা পেয়েছেন এক হাজার টাকার বই।অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘একজন পাঠক নতুন আলো ছড়িয়ে দেয়। আমাদের সেই আলো প্রয়োজন।’ অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আমিনুল ইসলাম ভালো মানুষ হওয়ার তাগিদ দেন। তিনি বলেন, ‘যে নিজের কাছে জবাবদিহি করতে পারে না, সে কখনো আলোকিত হতে পারে না। তরুণেরা সমাজকে নাড়া দিতে পারে। কিন্তু আমরা দেখছি একদিকে টি-টোয়েন্টি, অন্যদিকে টুটু। আমাদের ভালোবাসতে শিখতে হবে। ভালোবাসতে না পারি অন্তত কাউকে যেন খারাপ না বাসি সেদিকে লক্ষ্য রাখতে হবে।’আমিনুল ইসলাম আরও বলেন, একটি সংবাদপত্র যদি শক্তিশালী হয়, তবে তা বিপ্লব ঘটিয়ে দিতে পারে। প্রথম আলো তা দেখিয়েছে। প্রথম আলো যেমন রাজপথ চিনে, চিনে সংসদও। সিটিব্যাংক এনএ কর্মকর্তা মামুন রশীদ বলেন, বই পড়া খুবই আনন্দের বিষয়। সমস্যা থাকা সত্ত্বেও আগ্রহীরা বই পড়ে। প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক বলেন, ‘বই পড়ে সমাজ, রাষ্ট্র, সংগ্রাম ও ত্যাগ থেকে নিজেকে দূরে রাখা চলবে না। একই সঙ্গে লড়তে হবে। একা দাঁড়িয়ে প্রতিবাদ করাও অত্যন্ত মূল্যবান ব্যাপার।’ গণগ্রন্থাগারের পরিচালক নূর হোসেন তালুকদারসহ আরও অনেকে বক্তব্য দেন।