
মাত্র কিছুদিন আগে আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে আগুনে ১১২ জনের প্রাণ গেছে। পোশাক খাত এই ধকল কাটিয়ে উঠতে না উঠতেই হলো সাভারে রানা প্লাজা ধস। সে এমনই ধস, যা আমাদের সব বোধকে নাড়িয়ে দিয়েছে। খনি দুর্ঘটনা বাদ দিলে এক হাজার ১৩৪ মৃত্যুর সংখ্যা নিয়ে এটি বিশ্বের সবচেয়ে বড় কারখানা-দুর্ঘটনা। এ বছরের ২৪ এপ্রিল সকালে নয়তলা এই ভবন ধসে পড়ার পর ২০ দিন ধরে চলে উদ্ধারকাজ। ভবনটিতে ফাটল দেখা দেওয়ায় আগের দিন শ্রমিকদের সরিয়ে নেওয়া হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য ভবনটিতে অবস্থিত পাঁচটি কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছিল বলে দাবি করে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ। কিন্তু ১৮-দলীয় জোটের হরতালের মধ্যে ওই দিন সকালে শ্রমিকদের ডেকে এনে কারখানা চালু করেন মালিকেরা। সেই বিবেচনায় প্রথম দিন প্রথম আলোর মূল শিরোনাম ছিল ‘ডেকে এনে শত প্রাণ হত্যা’।
আমরা বার্তা বিভাগ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর সব দিক পাঠকের সামনে আনার চেষ্টা করেছি। বলা হয়, একটি ছবি হাজার শব্দের একটি প্রতিবেদনের সমান। আমাদের নয় সদস্যের ফটোগ্রাফি বিভাগ দিনে রাতে ভাগ করে প্রায় ২৫ দিন এই ঘটনার শত শত ছবি তুলেছে। এর খুব সামান্যই আমরা ছাপতে পেরেছি। এসব ছবি নির্বাচন করতে গিয়ে প্রতিদিনই শতাধিক ছবি দেখতে হয়েছে প্রধান বার্তা সম্পাদক, বার্তা সম্পাদক, পৃষ্ঠাসজ্জার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ সহসম্পদক, সহসম্পাদকদের। রোজ রোজ এত লাশের ছবি দেখতে গিয়ে আমরা নিজেরাই অসুস্থ বোধ করি।
টানা ২০ দিন ধরে উদ্ধারকাজ চলার শেষের দিকে ছবি বাছাই করা কঠিন হয়ে পড়ত। কারণ, সবই উদ্ধার তৎপরতা আর স্বজনদের কান্নার ছবি। প্রতিদিনই ছাপা হচ্ছে তা। ফলে ছবিতে বৈচিত্র্য আনাই ছিল প্রধান চ্যালেঞ্জ। মতি ভাই (মতিউর রহমান, সম্পাদক) প্রতিদিনই বলতেন, ছবি কী হবে, ব্রিফ করেছ? চার-পাঁচ দিন পর থেকে তো রানা প্লাজা এলাকায় যাওয়াই কঠিন হয়ে উঠল পচা লাশের গন্ধ আর ভাঙা ইট-সুরকি-ধুলায়। কিন্তু ফটোসাংবাকিদের বিষয়বস্তুর কাছে গিয়েই তো ছবি তুলতে হয়।
এর মধ্যেও একটা ভালো ছবি পেলেই ফটোগ্রাফার ফোন করে বলতেন, এই ছবি পেয়েছি। কাউকে দিয়ে একটা স্টোরি করান। সেই মতে রিপোর্টারকে বলা হতো। আবার রিপোর্টার কোনো ভালো স্টোরির রসদ পেলেই ফোন, ‘এই ঘটনা, একটা ছবি করালে স্টোরিটা ভালো হয়।’ প্রধান বার্তা সম্পাদক, বার্তা সম্পাদক, প্রধান প্রতিবেদককে এসব সমন্বয় করতে হয় তাৎক্ষণিকভাবে।
বার্তা বিভাগে রাতের পরিস্থিতি দিনের সব আয়োজন নিমেষে পাল্টে দেয়। সম্পাদকের নেতৃত্বে সংবাদ ব্যবস্থাপকেরা তা সামাল দেন বটে। কিন্তু সারা দিন বাইরে যুদ্ধ করে রিপোর্টার, ফটোসাংবাদিকদের অফিসে ফিরে স্বস্তি পাওয়া ভার। প্রথম পাতায় কী ছবি হবে। একই রকম ছবি তো গতকালও ছাপা হয়েছে। চিফ ফটোগ্রাফারের মন খারাপ হয়। মুখ কালো হয়। আবার যে দিন ছবি সম্পাদক, বার্তা সম্পাদকদের পছন্দ হয় সেদিন সব ক্লান্তি-কষ্ট নিমেষেই দূর হয়ে যায়। ভালো ছবির বাহবা তো শুরু হয় এই বার্তা বিভাগ থেকেই। পরে না তা পাঠকের বাহবা কুড়ায়।
আমাদের রিপোর্টিং বিভাগের প্রায় অর্ধেক জনবলকে এই ভবনধসের খবর সংগ্রহের জন্য নিয়োজিত করা হয়। এর মধ্যে জ্যেষ্ঠ প্রতিবেদক আনোয়ার হোসেন টানা ২১ দিন সাভারে ছিলেন। ‘প্রায় সদ্য বিবাহিত’ আনোয়ারের শ্বশুরবাড়িও সাভারেই। তার শ্বশুরবাড়িটি হয়ে উঠেছিল স্থানীয় প্রতিনিধি অরূপ রায় আর ঢাকা থেকে যাওয়া জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম মর্তুজাসহ কয়েকজনের বিশ্রাম, খাওয়া-দাওয়ার অন্যতম জায়গা।
এর মধ্যে ২৮ এপ্রিল ছিল খুব বেদনার। শাহীনা নামের এক নারীশ্রমিককে জীবিত উদ্ধারের অভিযান চলছিল সেদিন। দুপুর, বিকেল, সন্ধ্যা গড়িয়ে রাত। দেশবাসীর আগ্রহের কেন্দ্রে শাহীনা। পত্রিকা ছাড়তে হবে যথাসময়ে। আমাদের ইচ্ছা, এত মন খারাপ করা খবরের মাঝে শাহীনা উদ্ধারের খবর দিয়ে পাঠককে একটু স্বস্তি দিই। সাড়ে ১০টায় পত্রিকা ছাপাখানায় পাঠাতে হবে। ১০টা পার হয়ে গেল। কিন্তু শাহীনা উদ্ধার হলেন না। হঠাৎই ঘটে দুর্ঘটনা। ধ্বংসস্তূপের ভেতরে আগুন ধরে যায়। ৩০ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান ব্যর্থ করে দিয়ে চলে যান শাহীনা। সাভারে উদ্ধারকর্মীরা কাঁদেন। আমরা মুষড়ে পড়ি কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে। সব কষ্ট ঝেড়ে ফেলে কয়েক মিনিটের মধ্যে আমাদের সে খবর লিখতে হয়, সম্পাদনা হয়, পাঠককে জানাতে হয়।
২০ দিনে যে দুই হাজার ৪৩৮ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা গেছে, তাঁদের প্রত্যেকেরই একটি করে আনন্দ-বেদনার গল্প আছে। যে এক হাজার ১১৫ জনের মরদেহ উদ্ধার হয়েছিল, তাঁদের সব পরিবারেরই একটি করে স্বপ্নের বুননে আঁটা গল্প ছিল। যে ১৯ শ্রমিক হাসপাতালে জীবনের সঙ্গে যুদ্ধ করে হেরে গেছেন, তাঁদের গল্প তো আরও করুণ। আর ২৯৩ অশনাক্ত লাশের অশনাক্ত পরিবার? বেদনার বোঝা বইবে তারা কতকাল!
পত্রিকার বার্তা বিভাগের কর্মীদের যেন দম ফেলার ফুরসত নেই। মৃতের সংখ্যা যে দিন ৬০০ ছাড়িয়েছে, সেই ৫ মে ঢাকায় চলছিল হেফাজতে ইসলামের সমাবেশ ও সহিংসতা। ৯ মে মিরপুরের পোশাক কারখানায় আগুন লেগে কারখানার মালিকসহ আটজন মারা গেছেন। সাভারে তখনো চলছিল উদ্ধার অভিযান। ১৪ মে সে অভিযান শেষ হয়।
সবকিছু ছাড়িয়ে প্রতিদিন একেকটি মানবিক গল্প পুরো বার্তা বিভাগকেই নাড়া দিয়ে যেত। এর মধ্যে মনোয়ার নামের আহত একজন শ্রমিক আমাদের মন কেড়ে নেন। উদ্ধারের পর থেকেই তিনি ছিলেন সংজ্ঞাহীন। রংপুর থেকে আসা এক মা তাঁকে ছেলে দাবি করে হাসপাতালের বারান্দায় অবস্থান নেন। পরদিন মানিকগঞ্জ থেকে আসা আরেক মা মনোয়ারকে নিজের ছেলে দাবি করে হাসপাতালে বসে থাকেন। আমরা কার দাবিকে খাটো করব। শিরোনাম করলাম—কাছের মা, দূরের মা। মনোয়ারের পুরো মুখ ব্যান্ডেজে ঢাকা। মায়েরা অপেক্ষা করছেন। কদিন পর ব্যান্ডেজ খোলা হলো। মনোয়ারের মুখ দেখে কাছের মা (মানিকগঞ্জের) দাবি ছেড়ে চলে গেলেন। দূরের মা হাসপাতালে অপেক্ষা করেছেন প্রায় এক মাস। মনোয়ারের জ্ঞান ফিরছে না। এর মধ্যে মনোয়ারের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে টাকা পাঠাতে শুরু করলেন সাধারণ মানুষ। জমতে জমতে সাড়ে ছয় লাখ টাকা। কিন্তু মনোয়ারের মায়ের দাবি প্রতিষ্ঠিত হয় না। ছেলে সুস্থ হয়ে কখন মা বলে ডাকবে তাঁকে! দিন যায়। কষ্ট বাড়ে। পরে গ্রাম থেকে ইউপি মেম্বারকে আনা হলো। তিনিই পরিচয় শনাক্ত করলেন। দূরের মা রক্তের মায়ের স্বীকৃতি পেলেন। প্রায় এক মাস ধরে লেগে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি আশিস উর রহমান। শেষ খবর হলো, ‘ফিরলেন না মনোয়ার।’
ফেরেননি তো অনেকেই। আবার ১৭ দিন পরও উদ্ধার হন বিস্ময়কন্যা রেশমা। হাজার মৃত্যুকে ছাপিয়ে জীবনই সব আকর্ষণ শুষে নেয়।
থেমে থাকবে না কিছুই। পায়ের আঘাতে পথের ধূলি উড়িয়ে নতুন ‘সেলাই দিদিমণিরা’ আসবে। নতুন গল্প শোনাতে আমরাও থাকব পাঠকের পাশে।
শাহেদ মুহাম্মদ আলী: বার্তা সম্পাদক