একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারে সহযোগিতার জন্য এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর। এ আহ্বানের মধ্য দিয়ে গতকাল শনিবার রাজধানীর ব্র্যাক ইনে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল কোয়ালিশন অব সাইটস অব কন্শানসের পঞ্চম এশিয়া আঞ্চলিক সম্মেলন। নিউইয়র্কভিত্তিক সংস্থাটির সহায়তায় মুক্তিযুদ্ধ জাদুঘর দুই দিনের এ সম্মেলনের আয়োজন করেছে।সম্মেলনে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, আঞ্চলিক এ সম্মেলন এমন এক সন্ধিক্ষণে অনুষ্ঠিত হচ্ছে, যখন বাংলাদেশ বিচারহীনতার পশ্চাৎপদ সংস্কৃতি থেকে বেরিয়ে আসার উদ্যোগ নিয়েছে। একাত্তরের মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারপ্রক্রিয়া এগিয়ে চলছে। মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে অভিযুক্ত লোকজন আন্তর্জাতিক ধর্মীয় উগ্রপন্থীদের সঙ্গে যুক্ত। এরা মিলে বিচারপ্রক্রিয়া বানচালের চেষ্টা করছে।সারওয়ার আলী আরও বলেন, ‘সরকারের প্রয়াসে মুক্তিযুদ্ধ জাদুঘর সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সম্মেলনে অংশগ্রহণকারীদের প্রতি আমাদের আহ্বান, আসুন, একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের শিকার হওয়া লোকজনকে ন্যায়বিচার পেতে বিচারপ্রক্রিয়ায় সহযোগিতার হাত বাড়িয়ে দিই।’ইন্টারন্যাশনাল কোয়ালিশন অব সাইটস অব কন্শানসের পরিচালক এলিজাবেথ সিলকেস বলেন, ‘জাদুঘর দর্শনার্থীদের কাছে অতীতের ঘটনা তুলে ধরে। আর স্মৃতিসৌধে মানুষ বিশেষ দিনে গিয়ে শ্রদ্ধাঞ্জলি দেয়। আমাদের সংগঠনের বিশ্বাস অতীতের ভয়াবহ নৃশংসতার ঘটনা থেকে শিক্ষা নিয়ে সুন্দর আগামী গড়ার পথ রচিত হলেই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার প্রয়াস সফল হয়।’সারওয়ার আলীর সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী, ভারতের সবরমতি গান্ধী আশ্রমের অম্রুতভাই মোদি, কম্বোডিয়ার টুওল স্ল্যাং জেনোসাইড মিউজিয়ামের সোফেয়ারুম ছে, চীনের নানজিং মেমোরিয়াল অব এট্রোসিটিজের ওয়াং শানফেং ও দক্ষিণ কোরিয়ার দ্য মে ১৮ মেমোরিয়াল ফাউন্ডেশনের চানহো কিম।