সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, মানবতার সমাজ গড়তে হলে বই পড়ার অভ্যাস বাড়াতে হবে। টিভি চ্যানেল বন্ধ করাই একমাত্র সমাধান নয়। উন্মুক্ত আকাশ সংস্কৃতির কারণে টিভি চ্যানেল বন্ধ করে দিলেও, ইন্টারনেট ও ইউটিউবে সেগুলো পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীসহ ছেলেমেয়েদের ভালো-মন্দের তফাত বুঝতে হবে। তাই চ্যানেল বন্ধ না করে ভালো-মন্দের বিচার করা শিখতে হবে।
গতকাল রোববার দুপুর ১২টার দিকে বরিশাল নগরের জিলা স্কুল মাঠে সপ্তাহব্যাপী আয়োজিত বইমেলার উদ্বোধন করতে গিয়ে সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন।
‘চেতনার জাগরণে বই’ শিরোনামে বইমেলাটি জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে, যার বাস্তবায়নে সহযোগিতা দিচ্ছে বরিশাল জেলা প্রশাসন এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।
প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতিমন্ত্রী ভারতীয় কয়েকটি টিভি চ্যানেলের অবাস্তব সিরিয়ালের সমালোচনা করেন। ওই সব টিভি চ্যানেলে যা দেখায়, সেটা দানবের সমাজ বলে মন্তব্য করেন তিনি। সেটা মানবের সমাজ, মানবতার সমাজ নয়। মানবতার সমাজ গড়তে বই পড়ার অভ্যাস বাড়ানো, খেলাধুলা এবং সুস্থ সংস্কৃতির চর্চা করতে হবে।
বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মারুফ হাসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমীন, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক নজরুল ইসলাম, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল হাসান।