রণদা প্রসাদ সাহা অনেক ছোট অবস্থা থেকে বড় হয়েছিলেন। এ রকম অনেকেই হয়। তবে মানবতার সেবায়, সমাজ পরিবর্তনের জন্য নিজের অর্জিত সম্পদ তিনি যেভাবে অকাতরে বিলিয়ে গেছেন, তার দৃষ্টান্ত বিরল। সর্বোপরি একটি অনাড়ম্বর, আত্মোৎসর্গী জীবন কাটিয়েছেন তিনি।
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা রণদা প্রসাদ সাহার ৪৫তম অপহরণ দিবস উপলক্ষে আয়োজিত স্মারক বক্তৃতা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁকে এভাবেই স্মরণ করলেন বক্তারা। ১৯৭১ সালে পাকিস্তানি সেনারা তাঁকে পুত্রসহ অপহরণ করে নিয়ে যাওয়ার পর তাঁদের আর খুঁজে পাওয়া যায়নি।
গতকাল বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে ‘অসাম্প্রদায়িক-মানবিক বাংলাদেশ অন্বেষণ’ শীর্ষক স্মারক বক্তব্য পাঠ করেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দেশের তিন বিশিষ্ট নাগরিককে স্মারক সম্মাননা দেওয়া হয়। তাঁরা হচ্ছেন কবি সুফিয়া কামাল, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ। সুফিয়া কামালের পক্ষে তাঁর মেয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানের সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান সম্মাননা স্মারক স্বরূপ তাঁদের গলায় স্বর্ণপদক পরিয়ে দেন।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘আর পি সাহার (রণদা প্রসাদ সাহা) কাছে আমাদের ঋণের অন্ত নেই। তাঁর আত্মত্যাগ আর মানবকল্যাণে তাঁর দেখানো পথ অনুসরণ করে আমাদের কর্ম যদি বৃহত্তর সমাজের কোনো কাজে লাগে, তাহলেই এই ঋণ কিছুটা শোধ হতে পারে।’
সম্মাননা পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, মানুষ যখন কোনো না কোনো দুঃখবোধ দ্বারা উজ্জীবিত হয়, তখন সে নিজেকে ভুলে যেতে পারে। নিজেকে ভুলে যাওয়া মানে পৃথিবীকে পাওয়া। রণদা প্রসাদ নিজেকে ভুলেছিলেন বলেই আমরা তাঁকে পেয়েছি।
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক অধ্যক্ষা প্রতিভা মুৎসুদ্দি রণদা প্রসাদ সাহা সম্পর্কে বলেন, ‘উনি (রণদা প্রসাদ সাহা) বলতেন, আমি মরতে চাই না। মানুষের অন্তরে বেঁচে থাকতে চাই। উনি মানুষের অন্তরেই বেঁচে আছেন।’
অনুষ্ঠানের শুরুতে ভারতেশ্বরী হোমস ও কুমুদিনী নার্সিং স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন।