মানব পাচার প্রতিরোধে সাত বিভাগে ট্রাইব্যুনাল হচ্ছে

মানব পাচার অপরাধের দ্রুত বিচারে দেশের সাত বিভাগে সাতটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘মানব পাচার অপরাধ দমন’ নামের এই ট্রাইব্যুনাল গঠনের জন্য ইতিমধ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবও দেওয়া হয়েছে।
আজ বুধবার সচিবালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন মন্ত্রী এসব কথা বলেন।
সাগরে পথে মানব পাচার হয়ে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় কয়েক শ গণকবরে বাংলাদেশির লাশ পাওয়ার খবরের পরই সরকারের পক্ষ থেকে মানব পাচার ও দমন প্রতিরোধে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হলো।
আনিসুল হক বলেন, বিশেষ ট্রাইব্যুনাল গঠন হওয়ার আগ পর্যন্ত আপাতত এ সংক্রান্ত মামলাগুলো জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার হচ্ছে। বর্তমানে মানব পাচার নিয়ে ৭৫৭টি মামলা রয়েছে। এর মধ্যে প্রায় ২০০টি মামলার অভিযোগপত্র দায়ের করা হয়েছে। ১২টি মামলার রায় হয়েছে।
আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মানবপাচার ও দমন প্রতিরোধে দেশের সাত বিভাগে সাতটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আইনমন্ত্রী কথা বলার আগে তাঁর সঙ্গে তাঁর কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত ইয়োহান ফ্রিসেল।