মানবপাচার বন্ধে কক্সবাজার-টেকনাফ সড়কে রোডমার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরাতন বাসস্টেশনে রোডমার্চ শেষে মানব পাচারবিরোধী পথসভা করা হয়। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো
কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরাতন বাসস্টেশনে রোডমার্চ শেষে মানব পাচারবিরোধী পথসভা করা হয়। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো

মানবপাচার বন্ধে কক্সবাজার-টেকনাফ সড়কে গতকাল শনিবার রোডমার্চ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম (এইচআরডিএফ)। রোডমার্চের প্রতিপাদ্য বিষয় ছিল ‘নিরাপদ অভিবাসন নিশ্চিত কর, মানবপাচার প্রতিরোধ কর।’

সকাল ১০টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে রোডমার্চ শুরু হয়। এর আগে কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, মানবপাচারের শিকার অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছে অনেক পরিবার। এ অবস্থা রোধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন এইচআরডিএফের আহ্বায়ক অরূপ বড়ুয়া। সংগঠনের সদস্যসচিব মিজানুর রহমানের সঞ্চালনায় রোডমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) উপপরিচালক টিপু সুলতান, এইচআরডিএফের যুগ্ম আহ্বায়ক আবদুল শুক্কুর, বেসরকারি সংস্থা নোঙরের নির্বাহী পরিচালক দিদারুল আলম, কর্মজীবী নারীর কক্সবাজার শাখার সভাপতি রিজিয়া বেগম, খেলাঘরের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, আদিবাসী ফোরামের ক্যজ অং, মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তা রুবিনা আক্তার। রোডমার্চের উদ্বোধন করেন সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত প্রমুখ।

সমাবেশ শেষে ট্রাক ও বাসে করে টেকনাফ অভিমুখে রোডমার্চ যাত্রা করে। বিকেলে টেকনাফ পৌরসভার পুরাতন বাসস্টেশনে পৃথক সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়। পথে উখিয়ার কোর্টবাজার, উখিয়া স্টেশন, খারাংখালী ও টেকনাফের নীলা স্টেশনে সংক্ষিপ্ত পথসভা করা হয়। পথসভাগুলোতে সমুদ্রপথে অবৈধভাবে মানবপাচারের ব্যাপারে মানুষকে সচেতন করা হয়।