মানবপাচার মানবাধিকারের চরম লঙ্ঘন: মিজানুর

মানবপাচারকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। এই অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে সরকার ও রাষ্ট্রকে সব ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে মানব পাচারবিরোধী পোস্টার প্রদর্শনীর উদ্বোধনীতে এসব কথা বলেন মিজানুর রহমান।
প্রদর্শনীর উদ্যোক্ত যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনাল। আয়োজনে সহযোগিতা করছে চারুকলা অনুষদের গ্রাফিকস ডিজাইন বিভাগ। প্রদর্শনী ১৪ জুন পর্যন্ত চলবে।
মানব পাচারবিরোধী পোস্টার প্রদর্শনীর উদ্বোধনীতে মিজানুর রহমান বলেন, ‘একজন মানুষ তার ভাগ্য বদলাতে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখতেই পারে। এটি কোনো অপরাধ নয়। কিন্তু কেউ যদি তার স্বাধীনতা হারায় কিংবা পরাধীন হয়ে যায়, সেটা পাচার। সমুদ্রপথে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সেটাই হচ্ছে।’
দারিদ্র্য ও কর্মস্থানের অভাবকে মানবপাচারের কারণ হিসেবে উল্লেখ করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেই মানুষগুলো বিদেশে যাচ্ছে, দেশেই যদি তার মোটামুটি একটা কর্মসংস্থান হতো, তা হলে নিজের গ্রাম ছেড়ে মানুষটি হয়তো যেত না। তবে মানবপাচার একটি আন্তর্জাতিক সংকটও।’
মিজানুর রহমান বলেন, ‘আমাদের দেশ থেকে লোক যাচ্ছে বলে শুধু আমাদের দায়ী করলেই চলবে না। যেই দেশগুলো এভাবে মানুষকে পণ্য বানিয়ে লোক নিচ্ছে, তাদেরও এভাবে লোক নেওয়া বন্ধ করতে হবে। আন্তর্জাতিক বিশ্বকে সরব হতে হবে। তবে এটি ঠিক পাচার বন্ধে আমাদেরও দায়িত্ব আছে।’

সমুদ্রের পাশাপাশি স্থল ও আকাশপথেও মানব পাচার হচ্ছে উল্লেখ করে মিজানুর রহমান বলেন, ‘এই পাচারের সঙ্গে অসাধু আমলারাও জড়িত।’
মানব পাচারকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, সরকার ও রাষ্ট্রকে এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চারুকলা ইনস্টিটিউটের শিল্পকলা অনুষদের ডিন নিসার হোসেন, গ্রাফিকস ডিজাইন বিভাগের চেয়ারম্যান মাকসুদুর রহমান, রিলিফ ইন্টারন্যাশনালের বাংলাদেশ প্রধান নজরুল ইসলাম ও মার্কিন দূতাবাসের সংস্কৃতিবিষয়ক শাখার প্রধান জর্জ মেসথোস।