মানবপাচারের দুই মামলায় আটক ৮৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় ৫৯২ জনসহ মিয়ানমারের ট্রলার আটক হওয়ার ঘটনায় নগরের পতেঙ্গা থানায় দুটি মামলা করেছে নৌবাহিনী। তবে প্রতারণার শিকার হওয়া বাংলাদেশের ২১ শিশু ও ১৪ জন মহিলাসহ ৪৯৫ যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে বিএনএস দুর্জয়ের নির্বাহী কর্মকর্তা লে. কমান্ডার মাহবুবুর রহমান বাদী হয়ে পতেঙ্গা থানায় এই মামলা করেন। দুটি মামলায় ৮৫ জনকে আসামি দেখানো হয়েছে। এর মধ্যে বাংলাদেশের তিনজন এবং বাকিরা মিয়ানমারের।

গত সোমবার সকাল নয়টার দিকে নৌবাহিনীর জাহাজ দুর্জয়ের মাধ্যমে সেন্ট মার্টিন থেকে ১২০ নটিক্যাল মাইল দূরে গভীর সাগর থেকে ট্রলারটি আটক করা হয়। এরপর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নৌবাহিনীর সদস্যদের পাহারায় ট্রলারটি চট্টগ্রামের কর্ণফুলী নদীতে আনা হয়। মামলা হওয়ার পর মিয়ানমারে নিবন্ধন হওয়া পণ্যবাহী ট্রলারটি পুলিশের হাতে আটক রয়েছে।

পতেঙ্গা থানার পুলিশ জানায়, বাংলাদেশে অবৈধ প্রবেশের অভিযোগে বৈদেশিক নাগরিক নিয়ন্ত্রণ আইনের ১৪ ধারা অনুযায়ী মিয়ানমারের ১৯ নারীসহ ৮২ জনের বিরুদ্ধে এ মামলা হয়েছে। মানবপাচার প্রতিরোধ আইন ২০১২–এর ৬, ৭ ও ৮ ধারা অনুযায়ী অপর মামলায় বাংলাদেশের তিনজনসহ ১৭ জনকে আসামি করা হয়। মিয়ানমারের ১৪ জনকে দুই মামলার আসামি করা হয়। এ ছাড়া মিয়ানমারের ১২ শিশুকে মামলার আসামি করা না হলেও তারা তাদের মায়ের সঙ্গে রয়েছে।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পতেঙ্গা থানার দুই মামলার আসামি ৮৫ জনকে চট্টগ্রাম মহানগর হাকিম আহমদ সাঈদের আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠান।