মানবপাচারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের খসড়া নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা।গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের অবহিত করেন।প্রেস সচিব বলেন, মানবপাচার একটি জঘন্য অপরাধ। এটি একটি আন্তর্জাতিক সমস্যা। বাংলাদেশে এ বিষয়ে সুনির্দিষ্ট আইন ছিল না। তাই মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১১ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এ আইনে মানবপাচারের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। মানবপাচার-সংক্রান্ত অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড, সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। এর আগে নারী ও শিশুপাচার রোধে করা আইনে সর্বোচ্চ শাস্তি ছিল মৃত্যুদণ্ড।সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন: বৈঠকে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০১১-এর খসড়াও নীতিগত অনুমোদন দেওয়া হয়। এ প্রসঙ্গে আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, নিরাপত্তা, সংহতি বিপন্ন করার জন্য হত্যা, অপহরণ, সম্পত্তির ক্ষতিসাধন, বিস্ফোরকদ্রব্য, দাহ্য পদার্থ, অস্ত্র নিজ দখলে রাখা, আতঙ্ক সৃষ্টি করা, সন্ত্রাসী কাজে অর্থের লেনদেন—এসব অপরাধ প্রতিরোধের জন্য সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ প্রণয়ন করা হয়েছিল।প্রেস সচিব আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড এখন আর কোনো দেশের একক বিষয় নয়। সব দেশেই এ সমস্যা রয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এক ইঞ্চি জমিও সন্ত্রাসী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের আইনটি সংশোধন করে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। এ আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়।প্রেস সচিব জানান, বৈঠকে দেশের আন্তর্জাতিক বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলবন্দরগুলোয় ব্যক্তিমালিকানায় শুল্কমুক্ত বিপণিবিতান স্থাপনের অনুমতি দেওয়া হয়। বর্তমানে এসব স্থানে সরকারি বিপণিবিতান রয়েছে।যত্রতত্র পোস্টার লাগানো যাবে না: প্রচার-প্রচারণার জন্য যত্রতত্র আর পোস্টার লাগানো যাবে না। যেখানে-সেখানে দেয়াললিখনও চলবে না। পোস্টার লাগানো ও দেয়াললিখনকে নিয়মের মধ্যে আনতে দেয়াললিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১১ গতকালের বৈঠকে অনুমোদন পেয়েছে।এ প্রসঙ্গে আবুল কালাম আজাদ বলেন, এ আইন অনুযায়ী প্রচার-প্রচারণার জন্য সরকারনির্ধারিত স্থানে পোস্টার লাগাতে হবে, দেয়াললিখন করতে হবে। পোস্টার ও ব্যানার লাগানোর জন্য নির্দিষ্ট হারে ফি দিতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ ফি নির্ধারণ করবে।প্রেস সচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে দেয়াললিখন ও পোস্টার লাগানো অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশটি সংশোধন করে ২০০৯ সালে বর্তমান সরকারের মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। তখন এর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। গতকাল আইনটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।