ভূগর্ভের পানির স্তর নেমে যাচ্ছে মরুকরণের আশঙ্কা
মানববন্ধন, স্মারকলিপিতে রাজশাহী রক্ষার দাবি
বৃহত্তর রাজশাহী অঞ্চলের মরুকরণ ঠেকাতে দ্রুত উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবি করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। গতকাল সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি মানববন্ধন করেছে। বিকেলে পরিষদের নেতারা পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের কাছে স্মারকলিপি দিয়েছেন। মন্ত্রী উত্তর রাজশাহী সেচ প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। ভূ-উপরিস্থ পানিনির্ভর সেচব্যবস্থা চালুর জন্য ১৯৮৮ সালে জাইকা উত্তর রাজশাহী সেচ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে প্রকল্পের পক্ষে মত দেয়। প্রকল্পের প্রস্তাবনায় বলা হয়, পদ্মা ও মহানন্দা নদী থেকে পাম্পের মাধ্যমে পানি তুলে রাজশাহীর বিভিন্ন উপজেলার ৫১ হাজার ২০০ হেক্টর জমিতে সেচ দেওয়া হবে। ১৯৯৫-৯৬ অর্থবছরে প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা থাকলেও প্রকল্পটির নথি এখনো পরিকল্পনা মন্ত্রণালয়েই আছে। সেচ প্রকল্পটি বাস্তবায়িত না হওয়ায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) রাজশাহীর ২৫টি উপজেলায় প্রায় আট হাজার নলকূপ বসিয়ে সেচকাজ চালাচ্ছে। গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে প্রতিবছরই রাজশাহী অঞ্চলের পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এ কারণে মরুভূমিতে পরিণত হচ্ছে এ অঞ্চল। তা ছাড়া গ্রীষ্ম শুরু হতে না হতেই নলকূপে পানি পাওয়া যায় না। এতে কৃষিকাজ ব্যাহত হয়। ছোট নদী, খাল-বিল শুকিয়ে যায়। গাছপালা কমে যাচ্ছে, পোলট্রিশিল্পও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মরুকরণ রোধে মানববন্ধন: মরুকরণ রোধে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে আয়োজিত মানববন্ধনে রাজশাহী-২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজশাহী অঞ্চলে মরুকরণের মতো অবস্থার সৃষ্টি হতো না। আগামী বাজেটে সেচ প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকারের বরাদ্দ দেওয়া উচিত। ফজলে হোসেন বাদশা আরও বলেন, ফারাক্কা চুক্তির আওতায় কী পরিমাণ পানি দেশে আসছে, মানুষকে এ তথ্য জানাতে হবে। প্রাপ্ত পানি এ প্রকল্পে কাজে লাগাতে হবে। চাঁপাইনবাবগঞ্জের সাংসদ জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, রাজশাহীকে বাঁচাতে সরকারের কাছে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন, নদী-খাল-নালা খননের সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, ফারাক্কা চুক্তি অনুযায়ী পাওয়া পানি শুধু দেশে এলেই হবে না, তা পরিকল্পিতভাবে ব্যবহারও করতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেজবাহ কামাল বলেন, বৃহত্তর রাজশাহী অঞ্চলের জন্য একটি মহাপরিকল্পনা তৈরি করে কাজ করতে হবে। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খান বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ভূ-গর্ভস্থ পানির স্তর স্বাভাবিক হবে। ফলে মরুকরণ রোধ করা যাবে এবং পুরো এলাকায় সবুজায়ন ত্বরান্বিত হবে। কৃষিকাজ, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে জীবনমান উন্নত হবে সাধারণ মানুষের। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রহমত আলী, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ প্রমুখ অংশ নেন। স্মারকলিপি ও মন্ত্রীর আশ্বাস: গতকাল বিকেলে সংগ্রাম পরিষদের নেতারা পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে স্মারকলিপি দেন। এ সময় রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, নদীভাঙন প্রতিরোধ কমিটির আহ্বায়ক শফিকুল আলম, অধ্যাপক ফজলুল হক, সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খান, কার্যনির্বাহী সদস্য দেবাশীষ প্রামাণিক প্রমুখ উপস্থিত ছিলেন।পরিকল্পনামন্ত্রী তাঁদের বলেন, উত্তর রাজশাহী সেচ প্রকল্পে অর্থায়নের জন্য দাতা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দাতা না পাওয়া গেলে সরকারি অর্থায়নে কীভাবে প্রকল্পটি বাস্তবায়ন করা যায়, তাও খতিয়ে দেখা হচ্ছে।