মানববন্ধন, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক নিয়োগ, বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল রোববার মানববন্ধন ও চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ করেছেন। ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টায় পরীক্ষা দিতে এসে ইনস্টিটিউটে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন দেখে শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘেরাও করে বিদ্যুৎসংযোগের ব্যবস্থা করার দাবি জানান। ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেলা প্রশাসক ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হলে শিক্ষার্থীরা মহাসড়কের বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) চত্বরে অবস্থান নিয়ে মানববন্ধন শুরু করেন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করেন। সকাল ১০টা ৪০ মিনিট থেকে এক ঘণ্টা চলে অবরোধ। পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মর্তুজা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষক-সংকটের কারণে লেখাপড়া ঠিকমতো না হওয়ায় তাদের মধ্যে আগে থেকেই ক্ষোভ ছিল। গতকাল তারা অভ্যন্তরীণ পর্ব মধ্য পরীক্ষা দিতে এসে ইনস্টিটিউট বিদ্যুৎহীন দেখে ক্ষোভে ফেটে পড়ে এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে।কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, ইনস্টিটিউটের চারটি বিভাগে ৩৬ জন শিক্ষকের মধ্যে আছেন মাত্র পাঁচজন। এ কারণে তাঁদের লেখাপড়া ঠিকমতো হয় না। এ ছাড়া ইনস্টিটিউটে পানি সরবরাহের ব্যবস্থা নেই; এমনকি কোনো নলকূপও নেই।ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাকিলা রহমান শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০০৮ সালে ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষক-সংকট চলছে। তা ছাড়া ইনস্টিটিউটে যে পাঁচজন শিক্ষক কাজ করছেন, তাঁরা প্রেষণে আছেন। ইনস্টিটিউটের জন্য কোনো শিক্ষকই নিয়োগ দেওয়া করা হয়নি। তিনি জানান, দুই লাখ ৫২ হাজার টাকা বিল বকেয়া থাকায় পল্লী বিদ্যুৎ সমিতি গত ২৯ জুন বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিদ্যুৎ বিলসহ বিভিন্ন সমস্যার কথা বহুবার জানানো সত্ত্বেও কোনো সাড়া পাওয়া যায়নি।