মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ওরফে ময়ূনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে মৌলভীবাজার পৌর কর্মচারী সংসদ। গতকাল রোববার পৌরসভা প্রাঙ্গণে এই মানববন্ধন করা হয়। পৌর কর্মচারী সংসদের সভাপতি এ কে এম নুরুজ্জামানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. রুমেল আহমেদের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সংসদের সাধারণ সম্পাদক বিজন কান্তি পাল ও সাবেক সভাপতি তোফায়েল আহমদ। গত ২৬ আগস্ট মৌলভীবাজার জেলা বিএনপির কর্মিসভায় জেলা বিএনপির সভাপতি এম নাছের রহমান ও সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জের ধরে গত বুধবার নাছের রহমানের পক্ষের নেতা ছাদিকুর রহমান বেগম খালেদা রব্বানীর পক্ষের নেতা মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ফয়জুল করিমসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা করেন।  মৌলভীবাজার প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীসহ দুই খুন
কসবা ও নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গত শনিবার এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। একই দিন নবীনগর উপজেলায় চাচাতো ভাইয়ের হাতে এক ব্যক্তি খুন হয়েছেন।
এলাকাবাসী ও কসবা থানার পুলিশ জানায়, উপজেলার লেশিয়ারা গ্রামের নারায়ণ দত্তের ছেলে স্বপন দত্তের সঙ্গে একই উপজেলার শিমরাইল গ্রামের মোশারফ হোসেনের ছেলে জনশক্তি ব্যবসায়ী সফিকুল ইসলামের (৪৫) আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। শনিবার বিকেলে কুটি চৌমহনী থেকে সফিকুল ও একই গ্রামের খোকন মুন্সি মোটরসাইকেলে করে তাঁদের বাড়িতে ফিরছিলেন। পথে লেশিয়ারা গ্রামের রাস্তায় স্বপন ও তাঁর লোকজন তাঁদের মোটরসাইকেল থামান। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্বপন ও তাঁর লোকজন সফিকুলকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয় লোকজন সফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, এএসপি মো. সফিউর রহমান, ওসি মো. বদরুল আলম তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
বদরুল আলম তালুকদার জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী নার্গিস শনিবার রাতে স্বপনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
নবীনগর থানার পুলিশ জানায়, উপজেলার বীরগাঁও গ্রামে শনিবার রাতে পারিবারিক কলহের জের ধরে ইব্রাহিম মিয়া তাঁর স্ত্রী লিপি বেগমকে মারধর করেন। এ সময় ইব্রাহিমের চাচাতো ভাই মাইনুদ্দীন মিয়া (২২) ঝগড়া থামাতে যান। এতে ইব্রাহিম ক্ষিপ্ত হয়ে মাইনুদ্দীনকে ছুরিকাঘাত করেন। পরে রাতেই গুরুতর আহত মাইনুদ্দীনকে পাশের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। থানার ওসি মো. আবু জাফর জানান, এ ঘটনায় গতকাল সকালে নিহত ব্যক্তির বাবা তাহের মিয়া একটি হত্যা মামলা করেছেন।