প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া উপজেলায় সাধু সংঘে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল শুক্রবার মানববন্ধন করেছে বিশ্ব লালন সংঘ। বেলা ১১টার দিকে সিংড়া বাসস্ট্যান্ডে শতাধিক লালন ভক্ত এ কর্মসূচি পালন করেন। লালন একাডেমির সদস্য বিনোদ শাহ ফকিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ব লালন সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক, আফসার আলী প্রমুখ। এ সময় বক্তারা জানান, গত ৬ জুলাই উপজেলার সোয়াইড় গ্রামের সাধুভক্ত আফসার আলীর বাড়ির সাধু সংঘে অতর্কিত হামলা চালায় কতিপয় দুর্বৃত্ত। এ বিষয়ে আদালতে মামলা করা হলে আসামিরা বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তাই তাঁরা অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।