প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাবের ছেলেকে অপহরণের চেষ্টা ও চাঁদা দাবির প্রতিবাদে গতকাল বুধবার শহরের চৌরাস্তায় মানববন্ধন করেছেন সংবাদকর্মীরা। দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের উদ্যোগে শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক মুহাম্মদ সাদেক কুরাইশি, বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদের ঠাকুরগাঁও শাখার সাধারণ সম্পাদক সুচরিতা দেব প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। গত ১৪ সেপ্টেম্বর স্থানীয় একটি কোচিং সেন্টারে যাওয়ার পথে আবু তোরাবের ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাফি তোরাবকে কয়েকজন যুবক তুলে নিয়ে যায়। পরে মারধর করে চাঁদা দাবি করে সেদিনের জন্য তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর তারা গত ২৮ সেপ্টেম্বর আবারও টাকা দাবি করে বাড়ির উঠানে লিখে রেখে যায়।