মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় এক অন্তঃসত্ত্বা নারীকে পুড়িয়ে হত্যা করার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ‘সর্বস্তরের জনতা’র ব্যানারে গতকাল মঙ্গলবার এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা কাফনের প্রতীক হিসেবে মাথায় সাদা কাপড় বেঁধে অংশ নেন। যৌতুকের দাবিতে গত ২৫ মার্চ সকালে মজলিশপুর গ্রামের ফয়েজ মিয়ার স্ত্রী নাজমা আক্তারকে (২০) শ্বশুরবাড়ির লোকজন কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। এ সময় নাজমা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় নিহতের বড় বোন কুলসুমা খাতুন বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ফয়েজ মিয়াসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন। দেড় মাসেও মামলার কোনো অগ্রগতি না হওয়ায় গত ২০ এপ্রিল মামলাটি সদর থানা থেকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। এ মামলায় এ পর্যন্ত একজন গ্রেপ্তার হয়েছেন।