ঈদ-পূজাসহ সব ধর্মীয় উৎসবের আগে শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-বোনাস পরিশোধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। একই সঙ্গে লঞ্চ-স্টিমার, বাস-রেলসহ যানবাহনের ভাড়া কমানোরও দাবি করেছে সংগঠনটি। গতকাল বুধবার সকালে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সেখানে ওই সব দাবি জানান ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতারা। কর্মসূচিতে বক্তারা বলেন, ঈদ এবং যেকোনো বড় উৎসবের আগে শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে মালিকেরা টালবাহানা শুরু করে। ঈদের আগে যাতে শ্রমিকেরা তাঁদের বেতন-বোনাস পান, সে ব্যাপারে সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল জেলা কমিটির সভাপতি মোসলেম সিকদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান, শ্রমিক নেতা এস এম মানিক প্রমুখ।