কমিউনিটি ক্লিনিকে নিয়োগ পাওয়া কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদের কর্মীরা চাকরি জাতীয়করণ এবং ট্রাস্ট আইন (২২-ঘ) বাতিলের দাবিতে গতকাল বুধবার দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন ও সংবাদ সম্মেলন হয়েছে। দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৩ সালে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে কমিউনিটি ক্লিনিকে নিয়োজিতদের চাকরি জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়। পরে সিএইচসিপিদের চাকরি জাতীয়করণ করা হবে মর্মে সবাইকে আশ্বাস দেওয়া হয়। কিন্তু সম্প্রতি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সব জনবলকে ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন, ২০১৫ আওতায় আনার ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের দিনাজপুর জেলা শাখার সহসভাপতি নূরুন্নবী চৌধুরী, বুলবুল আহমেদ, মৃণাল রায়, সাধারণ সম্পাদক মোরশেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হিমাংশু রায় প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে শেষে দিনাজপুর প্রেসক্লাবের সামনে রাস্তায় স্বাস্থ্যকর্মীরা একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।