প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণার প্রতিবাদে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা ‘আইসিসি তাসকিনের বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণা করেছে, আমরা আইসিসির অ্যাকশনকে অবৈধ ঘোষণা করছি’ লেখা-সংবলিত ব্যানার বহন করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়। এটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়।