প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রাজবাড়ী প্রেসক্লাবের সামনে কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফোরামের রাজবাড়ী শাখার সাধারণ সম্পাদক আহমেদ নিজাম। এতে বক্তব্য দেন রাজবাড়ী সদর থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন, জেলা আওয়ামী লীগের নেতা অশোক কুমার বাগচি, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক প্রমুখ। বক্তারা পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু, ঝিনাইদহের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী, নাটোরের সুনীল গোমেজসহ এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।