পাবনায় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ পরম তীর্থ হেমায়েতপুর ধামের সেবায়েত নিত্যরঞ্জন পান্ডের হত্যার প্রতিবাদে ও সারা দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবিতে গতকাল শনিবার নারায়ণগঞ্জে মানববন্ধন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের উদ্যোগে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন করা হয়। কর্মসূচি চলাকালে জেলা শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের জ্যেষ্ঠ সহসভাপতি কৈলাশ চন্দ্র বণিকের সভাপতিত্বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য মন্টু ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি লিটন কুমার পাল, বাংলাদেশ হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মানিক চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক শিপন সরকার, নারায়ণগঞ্জ জেলা ইসকনের হরিনাম পরায়ন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল প্রমুখ বক্তব্য দেন।