মানববন্ধন

বরগুনার পাথরঘাটা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকসহ ছাত্রছাত্রীরা। শহরের শেখ রাসেল স্কয়ারে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসাইন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন প্রভাষক জামাল হোসেন, ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক ওয়ালিদ মক্কি, যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, শিক্ষার্থী রুহি আনান দানিয়াল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমরান খান প্রমুখ। বক্তারা বলেন, ‘এ কলেজে দুই সহস্রাধিক ছেলেমেয়ে পড়াশোনা করছে। এ কলেজকে পাশ কাটিয়ে মাত্র ৩০০ ছাত্রীর একটি কলেজকে জাতীয়করণ করা হয়েছে। এর প্রতিবাদে আমাদের এ আন্দোলন চলবে।’