মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতনকাঠামো এবং চাকরির বয়সসীমা ৬৭ বছর করার দাবিতে গতকাল রোববার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি মানববন্ধন করেছে। গতকাল বেলা ১১টায় ক্যাম্পাসে মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক অংশ নেন। এ সময় বক্তব্য দেন সমিতির সভাপতি সাইদুল হক, সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বর্মণ প্রমুখ। দাবি আদায়ে ঈদের পরে কেন্দ্রীয়ভাবে ঢাকায় সংবাদ সম্মেলন, মানববন্ধন ও পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পে-কমিশনের চেয়ারম্যান, শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা হবে বলে সংগঠন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক, রংপুর
বৃক্ষরোপণ সপ্তাহ
‘সবুজ হোক মতিহার, শোভিত হোক আমাদের জীবন’—এ স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফেডারেশনের বৃক্ষরোপণ সপ্তাহ শুরু হয়েছে। সপ্তাহব্যাপী ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছ লাগানো হবে। গতকাল রোববার বেলা ১১টায় কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় ফেডারেশনের সভাপতি ফারুক ইমন। উপস্থিত ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবরিনা নাজ, বিভাগীয় বন কর্মকর্তা তাজুল ইসলাম, ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল্লাহ-আল-মুইজ প্রমুখ। এর আগে শোভাযাত্রা ক্যাম্পাস সড়ক প্রদক্ষিণ করে।