নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নানাখী গ্রামের সোহেল মাহমুদের মুক্তির দাবি ও একটি কারখানার মালিকের জবরদখলের প্রতিবাদে গতকাল শনিবার মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
এদিকে র্যাবের একটি দল গ্রামবাসীর অভিযোগ খতিয়ে দেখতে গতকাল নানাখী গ্রামে গিয়ে সোহেল মাহমুদের স্বজনসহ কয়েকজনের বক্তব্য নিয়েছে।
নারায়ণগঞ্জের ব্যবসায়ী অমল পোদ্দার কারখানা করার জন্য নানাখী গ্রামে জমি কেনেন। গ্রামবাসীর অভিযোগ, তিনি ফসলি জমি জোর করে কিনে নিচ্ছেন। এর প্রতিকার পেতে ওই গ্রামের যুবক আবুল কালাম আজাদ ২ আগস্ট বুকে ‘ন্যায়বিচার চাই’ প্ল্যাকার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে দাঁড়িয়ে ছিলেন। সার্বিক বিষয় নিয়ে গত শুক্রবার প্রথম আলোর প্রথম পাতায় ‘এক যুবকের চোখে শত মানুষের কান্না’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।
এলাকাবাসী গতকাল স্থানীয় পঞ্চমীঘাট বাজারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা একটা পর্যন্ত ওই কর্মসূচি চলে। মানববন্ধনের ব্যানারে লেখা ছিল ‘র্যাব কর্তৃক সাজানো মিথ্যা মামলা এবং ভূমিদস্যু অমল পোদ্দারের শাস্তির দাবিতে মানববন্ধন’। এ ছাড়া ‘সোহেল মাহমুদের দ্রুত মুক্তি চাই’ লেখা প্ল্যাকার্ড বুকে নিয়ে কর্মসূচিতে অংশ নেয় গ্রামবাসীর অনেকে। এর আগে গত শুক্রবার গ্রামবাসী গণস্বাক্ষর কর্মসূচি পালন করে।
এদিকে গ্রামবাসীর এসব অভিযোগ গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর র্যাব সদর দপ্তর বিষয়টি খতিয়ে দেখার জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গতকাল ঘটনাস্থলে পাঠায়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া সেলের উপপরিচালক মেজর রোমান মাহমুদ তদন্তকারী দলের নেতৃত্ব দেন। তাঁরা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নানাখী গ্রামের যুবক আবুল কালাম আজাদের বাড়িতে অবস্থান করে আজাদ, তাঁর বাবা আবদুল খালেক, মা রাহিমা বেগম, র্যাবের মাদক মামলায় গ্রেপ্তার সোহেল মাহমুদের বাবা নুরউদ্দিন মিয়া, মা আমেনা বেগম এবং স্থানীয় সাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লার লিখিত বক্তব্য নেন।
পরে রোমান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘অভিযোগ খতিয়ে দেখার জন্যই আমরা তদন্ত শুরু করেছি। এর প্রতিবেদন র্যাব সদর দপ্তরে জমা দেওয়া হবে।’
আবুল কালাম আজাদ বলেন, ‘প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশাসনের টনক নড়ে। এখন মনে হচ্ছে, আমার পরিবার ও গ্রামের নিরীহ মানুষ সত্যিই ন্যায়বিচার পাবে।’