মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আবুলের ফাঁসি দাবি
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় স্কুলশিক্ষিকা শারমীন জাহানকে হত্যার প্রতিবাদ ও গ্রেপ্তার হওয়া আবুল হোসেনের ফাঁসির দাবিতে গতকাল রোববার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। এদিকে আবুলের সহযোগীদের রক্ষায় পুলিশ চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন শারমীনের স্বজনেরা।আগৈলঝাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি গতকাল চতুর্থ দিনের মতো কালো ব্যাচ ধারণ ও পাঠদান থেকে বিরত থাকে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগৈলঝাড়া উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে গতকাল দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত বরিশালের পয়সারহাট সড়ক, উপজেলা পরিষদ সড়কসহ প্রধান প্রধান সড়কে মানববন্ধন হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেয়। পরে আগৈলঝাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন স্থানীয় সাংসদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তালুকদার মো. ইউনুস, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. নুরুজ্জামান আনসারী, বরিশাল জেলা সভাপতি টি এম আলতাফ হোসেন, নিহতের বোন আইরিন জাহান প্রমুখ। সভায় বক্তারা শারমীনের খুনির ফাঁসি ও খুনের ঘটনাস্থল পূর্ব সুজনকাঠি-গৈলা সড়কটি শারমীন সড়ক নামকরণের জন্য দাবি জানান। পরে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়। সমাবেশ শেষে শারমীনের বোন আইরিন জাহান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আবুলের সহযোগী আগৈলঝাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম সরদারকে রক্ষা করতে পুলিশ আদালতে খুনি আবুলের জবানবন্দি (১৬৪ ধারা) গ্রহণের জন্য আবেদন করছে না। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার নন্দী এ অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, আবুলকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে।এদিকে নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক নেতা অভিযোগ করেন, মানববন্ধনে যোগ না দেওয়ার জন্য জসিম সরদার ও তাঁর সহযোগী আরিফ হোসেন, শামীম গাজীসহ কয়েকজন শিক্ষকদের ভয়ভীতি দেখান। সব অভিযোগ অস্বীকার করে জসিম সরদার বলেন, ‘আমার দলের মধ্যে থাকা প্রতিপক্ষরা নিহতের স্বজনদের ইন্ধন জোগাচ্ছে।’