বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি সাংসদ আসাদুজ্জামান নূরের ওপর হামলার প্রতিবাদে গতকাল রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা এই হামলার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে তাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ চট্টগ্রাম এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে শহীদজায়া বেগম মুশতারী শফী বলেন, এই হামলা শুধু আসাদুজ্জামান নূরের ওপর নয়, এটি সব প্রগতিশীল সংস্কৃতিকর্মীর ওপর হামলা। এই হামলার পর আর ঘরে বসে থাকার সময় নেই। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে আজ ঐক্যবদ্ধ হয়ে জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।
আবৃত্তি সমন্বয় পরিষদ চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের সঞ্চালনায় এবং সভাপতিমণ্ডলীর সদস্য আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব জাহাঙ্গীর কবির, আহমেদ ইকবাল হায়দার, কবি ও সাংবাদিক কামরুল হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান কুন্তল বড়ুয়া, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাহী সদস্য সাইফুল আলম, গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল, বাংলাদেশ শিক্ষক সমিতি সংগ্রাম কমিটির আহ্বায়ক অঞ্চল চৌধুরী, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি হাসান ফেরদৌস, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রামের সাধারণ সম্পাদক সুনীল ধর প্রমুখ।
অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম, উদীচী শিল্পীগোষ্ঠী, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগ, নির্মাণ আবৃত্তি অঙ্গন, ত্রিতরঙ্গ আবৃত্তি দল, তারুণ্যের উচ্ছ্বাস, নরেন আবৃত্তি একাডেমিসহ বিভিন্ন সংগঠন।