মানববন্ধন করবে গণদাবি পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন ‘গণদাবি পরিষদ’ মনোয়ার হোসেন মনিরের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করবে। আগামী বুধবার বেলা তিনটায় নগরের কেন্দ্রস্থল কোর্ট পয়েন্টে মানববন্ধন করে ঘটনার প্রতিবাদ জানাবে সংগঠনটি। গত রোববার রাতে নগরের সোবহানীঘাট এলাকায় গণদাবি পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। গণদাবি পরিষদের কার্যালয়ে উপদেষ্টা ব্যবসায়ী তুরণ মিয়ার সভাপতিত্বে সন্ধ্যা ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত সভা চলে। সভায় গণদাবি পরিষদের ৪০ জন সংগঠক উপস্থিত ছিলেন। মনির গণদাবি পরিষদের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। শুরুতে মনিরের ছোট ভাই আলতাফ হোসেন ঘটনার বর্ণনা দিয়ে সংগঠকদের প্রতি সহমর্মিতা কামনা করেন। গণদাবির সাধারণ সম্পাদক আবদুল মালেকের সঞ্চালনায় সভায় বলা হয়, মনির সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। একজন তরুণ গীতিকার হিসেবেও তাঁর পরিচিতি ছিল। তাঁর মৃত্যুকে সহজে মেনে নেওয়া যায় না।সভায় উপস্থিত সব সদস্য-সংগঠকদের মতামতের ভিত্তিতে মনিরের মৃত্যুতে প্রথম প্রতিবাদ কর্মসূচি হিসেবে আগামী বুধবার বেলা তিনটায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। নগরের কেন্দ্রস্থল কোর্ট পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হবে। গত ১৪ সেপ্টেম্বর সিলেটের সোবহানীঘাট থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) একটি দল মনোয়ার হোসেন মনিরকে (২৮) ‘ভুয়া র‌্যাব’ অভিযোগে গ্রেপ্তার করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনির ২৪ সেপ্টেম্বর মারা যান।