মানববন্ধন থেকে আটক চার ছাত্রনেতা মুক্ত
নিষেধাজ্ঞা অমান্য করে মানববন্ধন করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোটের চার নেতাকে আটক করে পুলিশ। অবশ্য চার ঘণ্টা পর বেলা সাড়ে তিনটার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ছাত্রনেতাদের আটক করা হয়েছিল।
আটকের পর ছাড়া পাওয়া এই নেতারা হলেন বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি, সাধারণ সম্পাদক দিলীপ রায়, সাবেক সভাপতি সুমন অগাস্টিন সরেন ও ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সামগ্রিক নির্যাতন ও যৌন নিপীড়নের প্রতিবাদে’ বিপ্লবী ছাত্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে মানববন্ধনের আয়োজন করে। বেলা ১১টায় মানববন্ধন শুরু হয়। সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ রায়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন প্রদীপ মার্ডি, সুমন আগস্টিন সরেন, ফারুক ইমন। তাঁদের বক্তব্য শেষ হওয়ার পর রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার ইফতেখায়ের আলমের নেতৃত্বে পুলিশের একটি দল মানববন্ধন শেষ করে দ্রুত স্থান ত্যাগ করতে বলে। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ সেখান থেকে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে দুপুর সাড়ে ১২টার দিকে প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের আম চত্বরে সংবাদ সম্মেলন করে আটক নেতাদের মুক্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রজোট। এ সময় তাঁরা ক্যাম্পাসের এই নিষেধাজ্ঞাকে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক উল্লেখ করে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসে যেকোনো ধরনের মিছিল, মিটিং, মানববন্ধন, সমাবেশের ওপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। প্রগতিশীল ছাত্রজোট মানববন্ধনের অনুমতি চাইলেও তা দেওয়া হয়নি। তার পরও তারা মানববন্ধন করেছে।
মহানগর পুলিশের সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে ক্যাম্পাসে মানববন্ধন করায় চারজনকে সাময়িকভাবে আটক করা হয়।’
মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান বলেন, বেলা সাড়ে তিনটার দিকে আটক করা চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে।