মানববন্ধন থেকে ছেলে হত্যার বিচার চাইলেন বাবা-মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুরে ছেলে হত্যার বিচারের দাবি করে মানববন্ধন করেছেন নিহত যুবকের মা-বাবা, স্বজন ও প্রতিবেশীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গৌরীপুর পৌর শহরের বিজয় ৭১ সড়কের সামনে এই মানববন্ধন হয়।
পুলিশ ও নিহত যুবকের পারিবারিক সূত্র জানায়, ২ আগস্ট গৌরীপুর পৌর শহরের বাসিন্দা রাসেল (২৬) বাড়ি থেকে নিখোঁজ হন। পরে ৫ আগস্ট পৌর শহরের স্টেশন রোড এলাকার একটি বদ্ধ ঘর থেকে রাসেলের লাশ উদ্ধার করে পুলিশ। রাসেলের বাবার নাম ইদ্রিস আলী।
রাসেলের বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও পাঁচজনের নামে মামলা করেন। পুলিশের দাবি, রাসেল মাদক ব্যবসায়ী ছিলেন। গৌরীপুর থানায় তাঁর নামে দুটি মাদকের মামলা রয়েছে। ব্যবসায়িক বিরোধের জের ধরে মাদকসেবীদের হাতেই খুন হয়েছেন রাসেল। রাসেল একসময় যুবলীগের রাজনীতি করতেন।
গতকাল অনুষ্ঠিত মানববন্ধনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত যুবকের মা রওশন আরা বেগম। তিনি বলেন, ‘আমার ছেলে খারাপ হয়ে জন্ম নেয়নি। খারাপ মানুষের সঙ্গে মিশে সে বিপথগামী হয়।’ তিনি কান্নাজড়িত কণ্ঠে ছেলে হত্যার বিচারের দাবি করেন।
বাবা ইদ্রিস আলীসহ রাসেলের স্বজনেরাও এই হত্যার বিচারের দাবি করেন। স্বজনদের অভিযোগ, হত্যাকাণ্ডের পর সাত দিন পেরিয়ে গেলেও গতকাল পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেদ বলেন, ‘আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করে যাচ্ছি।’