মানববন্ধন, বিক্ষোভ অব্যাহত নতুন আরেকটি মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকসহ চারজনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করে আদিবাসী ছাত্র পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। ছবিটি গতকাল বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে থেকে তোলা l প্রথম আলো
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকসহ চারজনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করে আদিবাসী ছাত্র পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। ছবিটি গতকাল বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে থেকে তোলা l প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেনসহ চারজনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী ছাত্র পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এ মানববন্ধন হয়। পরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় সংগঠনটি।

এদিকে ব্যবসায়ী তরিকুল ইসলাম (টি ইসলাম) গতকাল চাঁপাইনবাবগঞ্জের আমলি আদালতে সাংবাদিক আনোয়ার হোসেনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছেন। এ মামলায় আশরাফুল ইসলাম নামের আরেক সাংবাদিককে আসামি করা হয়েছে।

জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুণ্ডা, দপ্তর সম্পাদক সুভাষচন্দ্র হেমব্রম, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক টুনু পাহান, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতি ভূষণ মাহাতো, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ পাহান, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

বক্তারা সাংবাদিক আনোয়ার হোসেন ও আবদুর রব, আদিবাসী নেতা বঙ্গপাল সর্দার ও বন্ধুসভার সহসভাপতি আলী উজ্জামান নূরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা প্রশাসনের কাছে আনোয়ার হোসেনসহ আদিবাসীদের জীবনের নিরাপত্তা ও টি ইসলামের অর্থের উৎস খুঁজে বের করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে সাংবাদিক আনোয়ার হোসেনের বিরুদ্ধে গতকাল আরেকটি মামলা করেছেন টি ইসলাম। নতুন এ মামলায় সিএন ক্রাইম নিউজ ২৪. কম নামের একটি অনলাইন সংবাদ পোর্টালের সম্পাদক আশরাফুল ইসলামকেও আসামি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ আমলি আদালতে করা এ মামলার আরজিতে টি ইসলাম উল্লেখ করেন, আসামিরা আইন অমান্যকারী, দাঙ্গাবাজ, পরধনলোভী, দুষ্ট প্রকৃতির লোক। আনোয়ার হোসেন প্রায়শই বাদীর কাছে চাঁদা দাবি করতেন। চাঁদা না দেওয়ায় বিভিন্নভাবে বাদীর ক্ষতি সাধন করতেন।

এর আগে সাংবাদিক আনোয়ার হোসেনকে প্রধান আসামি করে আরেকটি মামলা করা হয়। এতে বলা হয়, ১ নম্বর আসামির (আনোয়ার হোসেন) সহযোগিতায় ও উসকানিতে ২ নম্বর আসামির (আশরাফুল ইসলাম) অনলাইন সংবাদমাধ্যমে বাদী সম্পর্কে মনগড়া, মিথ্যা, বানোয়াট, অশ্লীল ভাষায় সংবাদ প্রকাশ করা হয়।