সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মন্দির, প্রতিমা ভাঙচুরসহ সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদ ও পূজা উদ্যাপন পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধনে প্রায় আড়াই শ শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন শেষে একই স্থানে সমাবেশ হয়। পূজা উদ্যাপন পরিষদের শাবিপ্রবি শাখার সভাপতি অধ্যাপক নারায়ণ সাহার সভাপতিত্বে এতে বক্তব্য দেন অধ্যাপক হিমাদ্রী শেখর রায়, অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য, শিক্ষক প্লাবন চন্দ্র সাহা ও সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি সঞ্জয় চন্দ প্রমুখ। তাঁরা এসব ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।