মানববন্ধনে অংশ নিলেন বিএনপির নেতা-কর্মীরাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর টুপামারী বাজারে আয়োজিত মানববন্ধনে নেতা-কর্মীরা ছবি: প্রথম আলো
নীলফামারীর টুপামারী বাজারে আয়োজিত মানববন্ধনে নেতা-কর্মীরা ছবি: প্রথম আলো

নীলফামারীতে আওয়ামী লীগের সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা চালিয়ে দলটির নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে গতকাল সোমবার জেলার টুপামারী বাজারে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরাও অংশ নেন।
এ কর্মসূচিতে অংশগ্রহণকারী বিএনপির নেতা-কর্মীরা জামায়াত-শিবিরের সহিংসতা প্রতিহত করার পাশাপাশি শান্তিশৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকারও ঘোষণা দেন।
টুপামারী বাজারে সকালে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে টুপামারী ইউনিয়ন আওয়ামী লীগ। কর্মসূচিতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা ছাড়াও এলাকার সাধারণ মানুষ যোগ দেন।
মানববন্ধন শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম শাহর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোকছেদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সামসুদ্দোহা শাহ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির, সদর উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মশিউর রহমান, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দীন, সদর উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আবুল কাশেম শাহ, আওয়ামী লীগের নেতা ছমির উদ্দিন সরকার ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বাবুল হোসেন চৌধুরী।
সাংসদ নূরের ওপর হামলার জন্য জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের দায়ী করে সমাবেশে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা ওই হামলা ও হত্যাকাণ্ডের বিচারের দাবি করেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার দিন রাতে জামায়াত-শিবিরের কর্মীরা জেলা সদরের লক্ষ্মীচাপ ও পলাশবাড়ী ইউনিয়নের বিভিন্ন স্থানে সহিংসতা চালান। ১৪ ডিসেম্বর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে বিকেলে রামগঞ্জ বাজারে নূরের গাড়িবহরে হামলা হয়। হামলায় আওয়ামী লীগের চার নেতা-কর্মী ও একজন পথচারী নিহত হন।
হামলার ঘটনাটিতে ওই দিন রাতেই ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দেড় হাজার ব্যক্তির বিরুদ্ধে নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আকতার বাদী হয়ে একটি মামলা করেন।